শামসুন্নাহার হল নির্যাতন দিবস আজ
আজ ২৩ জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল নির্যাতন দিবস। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ওই নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত প্রতিবেদন প্রকাশ ও দোষীদের শাস্তির দাবি পুনর্ব্যক্ত করবেন বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীরা। শামসুন্নাহার হল নির্যাতন দিবস উপলক্ষে গতকাল রোববার রাত সাড়ে সাতটায় ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় কমিটি শহীদ মিনার থেকে একটি আলোর মিছিল বের করে। মিছিলটি শামসুন্নাহার হলে এসে শেষ হয়। এদিকে, ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদন প্রকাশ ও দোষীদের শাস্তির দাবিতে বেলা সাড়ে ১১টায় মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করবে শামসুন্নাহার হলের সাধারণ শিক্ষার্থীরা। এ ছাড়া হলে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো গ্রহণ করেছে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগ দেয়াললিখন, সকাল সাড়ে ১০টায় অপরাজেয় বাংলায় রক্তাম্বর ধারিণী হবো সময়ের প্রয়োজনে শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী এবং সন্ধ্যায় হলে শিরোনামহীন শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করেছে। শামসুন্নাহার হল শাখা ছাত্র ইউনিয়ন সকাল নয়টা থেকে দেয়ালচিত্র অঙ্কন, ভাঁজপত্র প্রকাশ, দেয়ালিকা করার মাধ্যমে এই দিবসটি পালন করবে। এসব কর্মসূচিতে ২০০২ সালের ২৩ জুলাই শামসুন্নাহার হলে ছাত্রীদের ওপর রাতের অন্ধকারে পুলিশের নির্মম নির্যাতন, তৎকালীন উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী ও প্রক্টর নজরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিতর্কিত ভূমিকা ও পরবর্তী সময়ে নির্যাতনবিরোধী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও সর্বাত্মক আন্দোলন দমনে পুলিশ ও সরকারের ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হবে।