শামসুন্নাহার হল নির্যাতন দিবস পালিত
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল নির্যাতন দিবস পালিত হয়েছে। হলের সাধারণ শিক্ষার্থীরা গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলন করে নির্যাতনের ঘটনায় দায়ীদের বিচার দাবি করেছেন।দুপুরে মধুর ক্যানটিনের ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শামীমা আক্তার জাহান। লিখিত বক্তব্যে তিনি বলেন, সে সময় ছাত্র আন্দোলনের মুখে তৎকালীন উপাচার্য আনোয়ার উল্লাহ চৌধুরী ও প্রক্টর নজরুল ইসলাম বিদায় নিলেও ঘটনার অন্তরালে ছিলেন তখনকার হল শাখা ছাত্রদলের কিছু নেতা-কর্মী। কিন্তু তাঁদের কখনো শাস্তির আওতায় নিয়ে আসা হয়নি। এ ছাড়া ঘটনা উদ্ঘাটনে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনও প্রকাশ করা হয়নি। এ রকম ঘটনার পুনরাবৃত্তি রোধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা। সংবাদ সম্মেলনে ২০০২ সালের ২৩ জুলাই শামসুন্নাহার হলে ছাত্রীদের ওপর রাতের অন্ধকারে পুলিশের নির্মম নির্যাতন, তৎকালীন উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী ও প্রক্টর নজরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিতর্কিত ভূমিকা ও পরে নির্যাতনবিরোধী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও সর্বাত্মক আন্দোলন দমনে পুলিশ ও সরকারের ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।