শামীম আরাকে হত্যা করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত মাসের অন্তঃসত্ত্বা শামীম আরা নিপার মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। এ ঘটনায় নিপার স্বামী সাব্বির খানকে আসামি করে থানায় হত্যা মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন শামীম আরার বাবা সিরাজুল ইসলাম পাটোয়ারী। শামীম আরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তিনি। গত ২২ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শামীম আরা মারা যান। হাসপাতালের মৃত্যুসনদে (ডেথ সার্টিফিকেট) বলা হয়, তাঁর মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণজনিত (সেন্টার প্রসেনট্রা প্রিভিয়া) কারণে হয়েছে। সিরাজুল ইসলাম বলেন, ঢাকা মেডিকেল কলেজে লাশ ময়নাতদন্ত করতে দেওয়া হয়েছে। ইতিমধ্যে যে কাগজ তাঁদের দেওয়া হয়েছে, তাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়নি বলে উল্লেখ আছে।শামীম আরার সাবিরা খান নামে এক বছর চার মাস বয়সী একটি কন্যাসন্তান আছে। সিরাজুল ইসলাম অভিযোগ করেছেন, সে এখন তার বাবার তত্ত্বাবধানে আছে, যা ওই শিশুটির জন্য নিরাপদ নয়। সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম অভিযোগ করেন, সাব্বিরের সঙ্গে বিয়ের পর তাঁরা জানতে পারেন, সাব্বিরের আগের স্ত্রী আছে। ফলে সংসারে অশান্তি শুরু হয়। সিরাজুল ইসলাম বলেন, ঘটনার দিন রাত দেড়টায় তাঁকে ফোনে জানানো হয়, শামীম আরা গুরুতর অসুস্থ। তাঁকে সেগুনবাগিচার বাসা থেকে নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে যাওয়ার পর রাত সোয়া দুইটায় জানানো হয়, অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তাঁর স্বামী সাব্বির খান দ্রুত লাশ দাফনের চেষ্টা করেন। তখন তাঁরা ময়নাতদন্তের উদ্যোগ নেন। শাহবাগ থানা মামলা নেওয়ার ক্ষেত্রে অনিয়ম করেছে বলে অভিযোগ করেছেন সিরাজুল ইসলাম। তিনি বলেন, হত্যা মামলা দায়েরের আবেদন করলেও থানা ঘটনাটি অপমৃত্যু মামলা হিসেবে গ্রহণ করে। তদন্তের জন্য পুলিশের মহাপরিদর্শকের কাছে অনুরোধ জানিয়ে চিঠিও লিখেছেন তিনি। গতকাল সন্ধ্যায় এ ব্যাপারে জানতে চাইলে ইউনাইটেড হাসপাতালের পক্ষ থেকে পরে যোগাযোগ করতে বলা হয়।