শাস্তি নয়, শিক্ষাকে আনন্দময় করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারীরিক ও মানসিক শাস্তি নয়, শ্রেণীকক্ষে শিক্ষাকে আনন্দময় করে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।গতকাল শনিবার রাজধানীর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে ‘প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক শাস্তি নিরোধকল্পে শিক্ষক প্রশিক্ষণ ম্যানুয়াল’ সম্পর্কে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।শিক্ষামন্ত্রী বলেন ‘শারীরিক-মানসিক শাস্তি, তুচ্ছ-তাচ্ছিল্য, উপহাস ছাত্রছাত্রীদের সাহস, মনোবল, মেধা ও সৃজনশীলতা নষ্ট করে। তাই শাস্তি দিয়ে নয়, নানাভাবে উদীপ্ত করে শিক্ষার্থীদের জানার আগ্রহ বাড়িয়ে দিন।’শিক্ষকের শিক্ষা দানের পদ্ধতি, জীবনাচরণ—সবই ছাত্রছাত্রীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হবে বলেও উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান শিক্ষকদের শিশুকালের সঙ্গে আজকের শিশুদের এক করে মিলিয়ে দেখলে হবে না। দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। বর্তমান প্রজন্মের শিশুরা বড় হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষতার মধ্য দিয়ে। ঘরে ঘরে পৌঁছে গেছে প্রযুক্তির নানা সুবিধা। আজকের অধিকাংশ শিশুর এসব বিষয়ের জ্ঞান-ধারণা বড়দের চেয়ে অনেক ক্ষেত্রে বেশি।’মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষাসচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামীম এফ করিম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) তাসলিমা বেগম প্রমুখ।