শাহ আলীতে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহ আলী থানা এলাকা থেকে গতকাল মঙ্গলবার শহিদুল ইসলাম (৩০) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের ভাষ্য, শহিদুল মাদক ব্যবসায়ী ছিলেন। এ ছাড়া গতকাল পৃথক ঘটনায় দুজনের অপমৃত্যু হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সকাল সোয়া ছয়টার দিকে শাহ আলী থানার পুলিশ চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের মাঝের স্টাফ কোয়ার্টারসংলগ্ন নতুন রাস্তার ফুটপাত থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তাঁর মাথায় তিনটি গুলির চিহ্ন রয়েছে। বেলা একটার দিকে পরিবারের সদস্যরা মর্গে তাঁর লাশ শনাক্ত করেন।নিহত শহিদুলের স্ত্রী অনিকা বেগম মর্গের সামনে সাংবাদিকদের বলেন, শহিদুল রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ফেনসিডিলের ব্যবসা করতেন। তিনি স্ত্রী-সন্তান নিয়ে সাভারের নবীনগরে থাকতেন। তবে তাঁর মা-বাবা মিরপুর ১১ নম্বরে থাকেন। গত সোমবার সকাল ছয়টার দিকে তিনি মিরপুরে মা-বাবার বাসা থেকে নবীনগরের উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশা যোগে রওনা দেন। কিন্তু কয়েক ঘণ্টা পরও তিনি বাসায় পৌঁছাননি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।অনিকা বলেন, তিনি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানতে পারেন, শহিদুল নবীনগরে নামার পর কয়েকজন তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে। মাদক ব্যবসার অভিযোগে পল্লবী থানায় শহীদুলের বিরুদ্ধে মামলা রয়েছে।শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারী বলেন, ‘অজ্ঞাতনামা হিসেবেই লাশের সুরতহাল করা হয়েছে। পরে পরিবার গিয়ে লাশ শনাক্ত করেছে বলে শুনেছি। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।’দুজনের অপমৃত্যু: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে রামপুরা বনশ্রী এলাকায় ট্রাকের ধাক্কায় মো. বাদল (৫০) নামে একজন ঠেলাগাড়িচালক নিহত হন। আহত হন তাঁর সহকর্মী বজলু ও হানিফ। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ছাড়া বেলা তিনটার দিকে পুরান ঢাকার তাঁতীবাজারে নির্মাণাধীন চারতলা বাড়ি থেকে পড়ে নির্মাণশ্রমিক আলী হোসেন (৩৫) মারা যান।