শাহজালাল বিমানবন্দরে অব্যবস্থাপনার দায় স্বীকার বিমান প্রতিমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী
ছবি: প্রথম আলো

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী অব্যবস্থাপনার দায় স্বীকার করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেছেন, ‘করোনা সংক্রমণের সময় যাত্রী হয়রানি অটোমেটিক হচ্ছে। আমাদের আন্তরিকতার কিছু অভাব ছিল অস্বীকার করি না, এখানে আমাদের ব্যর্থতা আছে। যেসব যাত্রী হয়রানির শিকার হয়েছেন, তাঁদের সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী।’

আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিমান প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে বিমানবন্দরে যাত্রীসেবা ব্যবস্থাপনার কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী মাহবুব আলী আরও বলেন, বিমানবন্দরে এখন সচল ট্রলি ১ হাজার ৪০০। দ্রুততম সময়ে আরও ৫০০ ট্রলি কেনার ব্যবস্থা করা হচ্ছে। প্রতিদিন ৩০টি ট্রলি মেরামত করা হচ্ছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে নতুন করে ২ হাজার ৫০০ ট্রলি কেনা হবে। বিমানবন্দরে যাত্রীদের সহায়তার জন্য ৩২ জন ট্রলিম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে আরও ৫০ জন ট্রলিম্যান নিয়োগ দেওয়া হবে।

বিমানবন্দরের কোনো গাফিলতিতে যাত্রীর হয়রানি হলে সে বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী দাবি করেন, ‘আজ তেমন কোনো অসুবিধা হয়নি, ট্রলি সহজেই পাওয়া গেছে।’

তবে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর দেওয়া এমন বক্তব্যের উল্টো চিত্র পাওয়া গেল বিমানবন্দরে। মন্ত্রী পরিদর্শনে আসবেন জেনে দুপুরের পর থেকেই বিমানবন্দরে ট্রলি জোগাড় করতে দেখা যায়। এসব ট্রলি নিচতলার ইন্টারন্যাশনাল অ্যারাইভালে এনে থরে থরে সাজিয়ে রাখা হয়। সাজিয়ে রাখা ট্রলির পাশেই আয়োজন করা হয় প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলন। এর আগে বিমানবন্দরের দোতলা থেকেও ট্রলি এনে রাখা হয় এখানে। ফলে দোতলার ৬ নম্বর গেটে ট্রলির সংকট হয়।

প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলনের আগে ট্রলি সাজিয়ে রাখছেন বিমানবন্দরের কর্মীরা
ছবি: প্রথম আলো

এদিকে ট্রলি না পেয়ে অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেন। ৬ নম্বর গেটের সামনে বেলা সাড়ে তিনটার দিকে কথা হয় মো. জুবায়ের নামের এক যাত্রীর সঙ্গে। তিনি কুয়েত যাচ্ছিলেন। এক ঘণ্টা ধরে এদিক–সেদিক খুঁজেও ট্রলি পাননি তিনি। পরে প্রথম আলোকে তিনি বলেন, ‘এই হচ্ছে দেশের বিমানবন্দরের অবস্থা। কোনো নিয়ম নেই এখানে। এক ট্রলি নিয়ে কয়েকজনের টানাটানি চলছে। নিরাপত্তাকর্মীদের বললে তাঁরা ট্রলি দিতে পারেন না।’

আবুধাবিগামী এয়ার অ্যারাবিয়ার যাত্রী সাইদুর রহমানের সঙ্গে দুটি ব্যাগ। কিন্তু ব্যাগগুলো বহন করার জন্য তিনি কোনো ট্রলি খুঁজে পাচ্ছিলেন না। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার সঙ্গে কেউ নেই। ব্যাগগুলো রেখে যে ট্রলি আনতে যাব, সেই উপায়ও নেই।’

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, বিমানবন্দরে করোনা পরীক্ষা করে ফল পেতে দেরি হচ্ছে। এ কারণে শত শত যাত্রী একসঙ্গে চেক ইন, পরীক্ষা, ইমিগ্রেশন, বোর্ডিং ব্রিজে জড়ো হন। ফলে ফ্লাইট শিডিউলেও দেরি হয়। বিড়ম্বনা এড়াতে সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের নির্ধারিত সময়ের অন্তত আট ঘণ্টা আগে বিমানবন্দরে আসার পরামর্শ দেন তিনি।

তৃতীয় টার্মিনালের নির্মাণ ও সংস্কারকাজের জন্য শাহজালাল বিমানবন্দরে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে ছয় মাসের জন্য রাতে আট ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ আছে। ফ্লাইটগুলোর সময়সূচি পুনর্বিন্যাসের পর বিমানবন্দরে ফ্লাইট ও যাত্রীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এরই মধ্যে বিজয় দিবসের কুচকাওয়াজ ও মহড়ার কারণে ১১ থেকে ১৪ ডিসেম্বর ও ১৬ ডিসেম্বর সকাল ১০টা ১৫ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সোয়া দুই ঘণ্টা বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকছে। ফলে যাত্রী ব্যবস্থাপনার চাপ আরও বেড়েছে। তিন দিন ধরে বিমানবন্দরে হযবরল অবস্থা দেখা গেছে। বিমানবন্দরের টার্মিনাল, ইমিগ্রেশন থেকে বোর্ডিং ব্রিজ পর্যন্ত সবখানে যাত্রীদের দীর্ঘ সারি। ইতিমধ্যে বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বের ঘটনা ঘটেছে। এ ছাড়া বিমানবন্দরে এসে সঠিক নির্দেশনার অভাবে যাত্রীরা নির্ধারিত সময়ে ফ্লাইট ধরতে না পারার ঘটনাও ঘটেছে।
অথচ বিমানবন্দর কর্তৃপক্ষ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছিল, ফ্লাইট শিডিউল পরিবর্তনে বিমানবন্দরে কোনো চাপ পড়বে না, স্বাভাবিকভাবেই সব কার্যক্রম চালানো যাবে।

বিভিন্ন এয়ারলাইনসের কর্তৃপক্ষ ও যাত্রীদের অভিযোগ, ফ্লাইট শিডিউল পুনর্বিন্যাস করা হলেও সে অনুযায়ী পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দর কর্তৃপক্ষের প্রস্তুতিতে ঘাটতি ছিল। এর ফলে যাত্রীসেবায় প্রতিটি ক্ষেত্রে অব্যবস্থাপনা হচ্ছে। বেশি ভোগান্তিতে পড়ছেন বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যের যাত্রীরা।

আট ঘণ্টা ফ্লাইট বন্ধ থাকার বিষয়টি এক মাস আগেই জানায় বেবিচক। ঘোষণার এত দিন পরও বিমানবন্দরে কেন অব্যবস্থাপনা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে বিমান প্রতিমন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ সময়ের মধ্যে শেষ করতে হবে।

ট্রলি না পেয়ে রোববার নিজেই পণ্য বহন করে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি
ছবি: আহমেদ দীপ্ত

শীতকালীন শিডিউল চলায় বিমানবন্দরে এখন প্রতিদিন ফ্লাইট বেড়েছে, অথচ সক্ষমতা বাড়েনি। কাজের পরিধি বাড়ায় চাপ নিয়ে নির্দিষ্ট সময়ে ফ্লাইট চালানো অনেক দুরূহ বিষয়। তারপরও সেবা সামাল দেওয়ার চেষ্টা চলছে।

বিমানবন্দরের ইমিগ্রেশন ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে জনবলসংকটের বিষয় স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, শিগগিরই আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নেওয়া হবে। তবে গ্রাউন্ড সার্ভিসের জন্য কত জনবল প্রয়োজন, সে সংখ্যা জানাননি তিনি।

মধ্যপ্রাচ্যে ফ্লাইটগুলোর ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে মাহবুব আলী বলেন, এয়ারলাইনসগুলোকে অনুরোধ করা হয়েছে ভাড়া কমানোর। মানুষের যেন হয়রানি কম হয়, মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে যেন ভাড়া থাকে সেটি দেখা হচ্ছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রতিদিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০০টির মতো ফ্লাইট ওঠানামা করে। এসব ফ্লাইটে গড়ে ১৮ থেকে ২০ হাজার যাত্রী যাতায়াত করেন। যাত্রীদের যাতায়াতে বিমানবন্দরে ছয়টি গেট আছে, এর মধ্যে পাঁচটি চালু আছে।

সব গেট চালু নেই কেন জানতে চাইলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান বলেন, ২ নম্বর গেট কাজে লাগে না বলে বন্ধ থাকে।
সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনেন্দ্রনাথ সরকার, বেবিচকের সদস্য (অপারেশন) এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী, সদস্য (নিরাপত্তা) গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মাহমুদ মান্নাফী প্রমুখ উপস্থিত ছিলেন।