শাহবাগ ও রমনা পার্ক এলাকায় কড়া নিরাপত্তা

ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ উদ্‌যাপনকে কেন্দ্র রাজধানীর শাহবাগ ও রমনা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে রমনা পার্কের প্রতিটি গেটে প্রবেশকারীদের তল্লাশি করা হচ্ছে। এসব এলাকায় যানবাহন চলাচলও নিয়ন্ত্রণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

১৪২৯-কে বরণ করতে ঢাকার প্রতিটি অনুষ্ঠানস্থলে নিরাপত্তা দিচ্ছেন পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সাদাপোশাকে কাজ করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। মানুষের নিরাপত্তা ও বৈশাখের অনুষ্ঠানকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

রমনা বিভাগ পুলিশের অতিরিক্ত কমিশনার (এডিসি) হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, ‘পোশাকধারী পুলিশের পাশাপাশি ডিবি, সোয়াট, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিস) নিরাপত্তায় মঙ্গল শোভাযাত্রা শেষ হয়েছে। আমরা রমনা পার্কে প্রবেশের ক্ষেত্রে প্রত্যেককে তল্লাশির আওতায় নিয়ে এসেছি। নিরাপত্তা জোরদারে রমনা ও শাহবাগে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।’

শোভাযাত্রার সামনের সারিতে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
ছবি: সাজিদ হোসেন

মানুষের নিরাপত্তার স্বার্থেই তল্লাশি করা হচ্ছে বলে জানিয়েছেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। রমনা পার্কে প্রবেশপথে লিয়াকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের নিরাপত্তা দিতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি করছে। বিরক্ত না হয়ে আমাদের উচিত তাদের সহায়তা করা।’

রাজধানীজুড়ে বর্ষবরণের সব অনুষ্ঠান বেলা দুইটার মধ্যে শেষ হয়।

বন্ধ রয়েছে ঢাকার যেসব রাস্তা

নগরবাসীর চলাচলের সুবিধার্থে রাজধানীর বাংলামোটর-হোটেল ইন্টারকন্টিনেন্টাল-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল-কাকরাইল-মৎস্য ভবন- প্রেসক্লাব–সংলগ্ন কদম ফোয়ারা, মৎস্য ভবন-শাহবাগ-কাটাবন, পলাশী-শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট ক্রসিং, বকশীবাজার-শহীদ মিনার-টিএসসি, শহীদুল্লাহ হল ক্রসিং-দোয়েল চত্বর ও নীলক্ষেত-টিএসসি—এসব রুটে যান চলাচল বন্ধ থাকবে।

এ সময় ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। সেগুলো হলো মিরপুর রোড-সায়েন্সল্যাব-নিউমার্কেট-আজিমপুর-বকশীবাজার-চাঁনখানপুর-গুলিস্তান, রাসেল স্কয়ার-সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ-রাজমণি-ইউবিএল-গুলিস্তান, মহাখালী-সাতরাস্তা-মগবাজার-কাকরাইল-রাজমণি-ইউবিএল-গুলিস্তান, ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর-মৌচাক-মালিবাগ-খিলগাঁও, ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর-মগবাজার-কাকরাইল চার্চ-রাজমণি-নাইটেঙ্গেল-পল্টন-মতিঝিল, কাঁটাবন-হাতিরপুল-বাংলামোটর, সোনারগাঁও-ফার্মগেট এবং কাটাবন–হাতিরপুল-বাংলামোটর-মগবাজার-কাকরাইল-রাজমণি ক্রসিং-গুলিস্তান-মতিঝিল।