শাহবাগ থেকে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
রাজধানীর শাহবাগ এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তারের করেছে র্যাব। গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জাহিদ ওরফে বুলেট (২২), মো. সুজন (৩০), মো. কাদের ওরফে সানি (৩০) ও সাইফুল ইসলাম প্রামাণিক (২৬)। এ সময় তাঁদের কাছ থেকে দুটি চাকু, ব্লেড ও নগদ ২ হাজার ৭৭০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-৩–এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার মো. খায়রুল কবীর প্রথম আলোকে বলেন, শাহবাগ এলাকায় কয়েকটি ছিনতাইকারী চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে রাস্তায় চলাচলরত মানুষকে চাকু ও ব্লেড প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন, টাকাপয়সা, স্বর্ণালংকার ছিনিয়ে নিচ্ছিল। ছিনতাইয়ের পর তাঁরা মোবাইল ও স্বর্ণালংকার মতিঝিল এলাকায় বিক্রি করেন।
র্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, এই চক্রের সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ পথচারী, রিকশা আরোহী ও অটোরিকশার যাত্রীদের কাছ থেকে মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছে। পরে তাঁদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন–অর রশিদ বলেন, এই চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।