শাহবাগে খাবারের দোকানে আগুন তিনজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে গতকাল মঙ্গলবার সকালে গ্যাসের চুলা থেকে সৃষ্ট আগুনে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল সাতটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকদের হোস্টেলের নিচে নিউ কোহিনূর কনফেকশনারি নামের একটি দোকানের তিন কর্মচারী দোকানের শাটার খোলেন। এঁদের একজন গ্যাসের চুলা জ্বালাতে গেলে হঠাৎ আগুন জ্বলে ওঠে। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলে। এতে দোকান-কর্মচারী মো. বশীর (৩০), সাইফুল ইসলাম (২০) ও ইমরান হোসেন (২৫) দগ্ধ হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বার্ন ইউনিটের চিকিৎসকেরা বলেছেন, দগ্ধ ব্যক্তিদের মধ্যে বশীরের অবস্থা সংকটাপন্ন। তাঁর শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। বার্ন ইউনিটে চিকিৎসাধীন বশীর জানান, গত সোমবার রাতে দোকান বন্ধ করে তাঁরা চলে যান। গতকাল সকালে দোকান খুলে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে গ্যাসের চুলায় ধরলে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। শাহবাগ থানার এসআই নুরুল ইসলাম জানান, এ ঘটনায় জিডি করা হয়েছে।