শাহবাগে গণজাগরণ মঞ্চের অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের রায় ঘোষণা হতে পারে আজ। রায় ঘোষণাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা থেকে শাহবাগে অবস্থান নিয়েছেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা l প্রথম আলো
মানবতাবিরোধী অপরাধে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের রায় ঘোষণা হতে পারে আজ। রায় ঘোষণাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা থেকে শাহবাগে অবস্থান নিয়েছেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা l প্রথম আলো

মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়কে কেন্দ্র করে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় ঘোষণার কথা জানানোর পর গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকেই মঞ্চের কর্মীরা শাহবাগে জড়ো হতে থাকেন। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে শাহবাগ থেকে মঞ্চের কর্মীদের একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘুরে আবার জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান নেয়।

এ সময় তাঁরা ‘সাঈদীর ফাঁসি চাই, আর কোনো দাবি নাই’, ‘দাবি মোদের একটাই, সাঈদী চোরার ফাঁসি চাই’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’—এসব স্লোগান দিতে থাকেন।

মিছিলের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘আপিল বিভাগে রাজাকার সাঈদীর সর্বোচ্চ সাজার রায় বহাল থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। সাঈদী চিহ্নিত যুদ্ধাপরাধী। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। অন্য কোনো রায় হলে তাতে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না, ন্যায়বিচার ভূলুণ্ঠিত হবে।’

ইমরান এইচ সরকার বলেন, সাঈদীর আপিলের রায় নিয়ে ইসলামী ব্যাংক, জামায়াত-শিবির যাতে নতুন করে কোনো তাণ্ডব চালাতে না পারে, সে ব্যাপারে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রায় জনগণের পক্ষে না গেলে গণজাগরণ মঞ্চ জনগণকে সঙ্গে নিয়ে আবার আন্দোলনে নামবে বলে হুঁশিয়ার করেন তিনি। তিনি জানান,  রায়ের আগে আজ সকাল আটটা থেকে আবার শাহবাগে অবস্থান নেবেন মঞ্চের কর্মীরা।

এদিকে একই দাবিতে গণজাগরণ মঞ্চের ইমরানবিরোধী পক্ষও গতকাল সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিল ও গণ-অবস্থান করেছে। মঞ্চের ওই অংশ কামাল পাশা চৌধুরীর নেতৃত্বে রাত নয়টা পর্যন্ত শাহবাগে অবস্থান নেয়। এই অংশটি আজ সকাল নয়টা থেকে রায়ের আগ পর্যন্ত শাহবাগে অবস্থান করবে বলে জানা গেছে।