শাহবাগে পিটিয়ে এক ব্যক্তিকে হত্যা
রাজধানীর শাহবাগে লাঠি দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, যে ব্যক্তি লাঠি দিয়ে পিটিয়েছেন, তিনি মাদকাসক্ত ছিলেন। আর যিনি মারা গেছেন, তিনিও মাদকাসক্ত ছিলেন।
আজ শনিবার সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাসুদ (৪০)। এ ঘটনায় অভিযুক্ত রাসেলকে (৩৫) আটক করেছে পুলিশ।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সেলিম শাহরিয়ার প্রথম আলোকে বলেন, দুজনই ভাসমান মাদকাসক্ত। তাঁরা রাস্তার পাশে বসে মাদক সেবন করেন। রাস্তার পাশেই ভাসমান অবস্থায় থাকেন। ধারণা করা হচ্ছে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্ত রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিহত মাসুদের বিস্তারিত পরিচয় এখনো জানা সম্ভব হয়নি জানিয়ে পুলিশ কর্মকর্তা শাহরিয়ার আরও বলেন, তাঁর কোনো স্বজন পাওয়া যায়নি। জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইসের সঙ্গে মাসুদের আঙুলের ছাপ মিলিয়ে বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।