শাহবাগে প্রথমা ও বেঙ্গলের ৯ দিনব্যাপী বইমেলা শুরু

শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের দ্বিতীয় তলার সেমিনারকক্ষে শুরু হয়েছে প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনসের যৌথ উদ্যোগে বইমেলা। ৯ দিনের এই মেলা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। শুক্রবার মেলা বন্ধ থাকবে।
পাঠকের কাছে বই পৌঁছে দেওয়ার এই আয়োজনকে বড় উদ্যোগ বলে মনে করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি বলেন, ‘সবাই যে ভালো পাঠক হবেন, সবাই ভালো সমালোচক হবেন তা নয়। কয়েক দিন আগে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে গিয়ে জানতে পারি, সেখানে পাঠ্যসূচিতে ২৬টি বই নম্বর দেওয়ার ভিত্তিতে পড়ানো হয়। শিক্ষার্থীদের বইমুখী করার এই উদ্যোগটা বড়। তেমনি এই বইমেলার উদ্যোগটাও বড়।’
বেঙ্গল পাবলিকেশনসের নির্বাহী পরিচালক আবুল হাসনাত বলেন, দীর্ঘদিন ধরে প্রথমা এখানে বইমেলা করছে। এবার বেঙ্গল পাবলিকেশনসের সঙ্গে যুক্ত হলো। তিনি সবাইকে বই কিনে পাঠাগার গড়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। উপস্থিত ছিলেন গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, লেখক-গবেষক মালেকা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক, লেখক-গবেষক মহিউদ্দিন আহমেদ ও শিশুসাহিত্যিক আখতার হুসেন। সঞ্চালনা করেন প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ।
মেলায় প্রথমার বই ৩০ থেকে ৬০ শতাংশ, বেঙ্গল পাবলিকেশনসের বই ২৫ থেকে ৫০ শতাংশ, দেশি অন্যান্য প্রকাশনীর বই ২৫ থেকে ৫০ শতাংশ ছাড়ে এবং ভারতীয় বই ১ রুপি সমান ১ টাকা থেকে ১ টাকা ৮০ পয়সা হিসাবে বিক্রি চলছে।