শাহবাগে ফুটওভারব্রিজের নির্মাণকাজ শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসের ধাক্কায় ছাত্রের মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজধানীর শাহবাগ মোড়ে একটি ফুটওভারব্রিজ নির্মাণের ঘোষণা দিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কথা ছিল, ১৫ দিনের মধ্যে ফুটওভারব্রিজটির নির্মাণকাজ শুরু করা হবে। কিন্তু ২১ দিন পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শিক্ষার্থীরা বলছেন, ছাত্রমৃত্যুর পর বিক্ষোভ থামাতেই এ ধরনের ঘোষণা দেওয়া হয়। কিন্তু কিছুদিন পর সবাই তা ভুলে যান। মৃত্যুঝুঁকি নিয়ে আবারও রাস্তা পেরোতে হচ্ছে শিক্ষার্থীদের।গত ২৮ আগস্ট শাহবাগ মোড়ে বাসের ধাক্কায় মারা যান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র মো. তৌহিদুজ্জামান। এর প্রতিবাদে ২ সেপ্টেম্বর শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী সুলতানুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে গিয়ে ১৫ দিনের মধ্যে ফুটওভারব্রিজ নির্মাণের কাজ শুরু করার আশ্বাস দেন। ফুটওভারব্রিজ নির্মাণের বিষয়ে ওই দিন সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিও দেয় ডিসিসি। ঘোষণা অনুযায়ী, ১৭ সেপ্টেম্বরের মধ্যে কাজ শুরু করার কথা ছিল। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এর আগে ২০০৫ সালের ২৮ মে শাহবাগ মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী শাম্মী আক্তার। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে তখন একটি পাতালপথ (আন্ডারপাস) নির্মাণের দাবিতে আন্দোলন শুরু করেন। আন্দোলনের মুখে তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা ঘটনাস্থলে গিয়ে পাতালপথ নির্মাণের আশ্বাস দেন। আন্দোলন থেকে সরে আসেন শিক্ষার্থীরাও। এরপর নির্মাণকাজ শুরুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওই বছরের ১২ জুন একটি চিঠিও পাঠানো হয়। কিন্তু মেয়রের আশ্বাসের বাস্তবায়ন আর হয়নি।ফিন্যান্সের শিক্ষার্থী কাজল আবদুল্লাহ বলছিলেন তাঁর ক্ষোভের কথা। তাঁর মতে, ‘তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘোষণাগুলো দেওয়া হয়। ছাত্রদের জন্য সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারোরই কোনো দরদ নেই। থাকলে আন্দোলন করে আশ্বাস পেতে হতো না। নিজ উদ্যোগেই কাজ শুরু করত তারা।’ পরিসংখ্যানের ছাত্র তোফায়েল আজম বলেন, ‘একের পর এক সহপাঠী মারা যাচ্ছে। আমরাও উত্তেজিত হচ্ছি। কর্তৃপক্ষের আশ্বাসে শান্ত হয়ে আবারও মৃত্যুঝুঁকি নিয়ে চলছি। একের পর এক আমরা মরতেই থাকব।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফুটওভারব্রিজ নির্মাণের বিষয়ে কয়েক দিন আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যোগাযোগ হয়েছে। ফুটওভারব্রিজের নকশা এখনো চূড়ান্ত হয়নি। এ ছাড়া আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে শিগগির কাজ শুরু করা হবে বলে জানিয়েছে তারা।দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক জিল্লার রহমান গতকাল প্রথম আলোকে বলেন, এখনো কাজ শুরু হয়নি। তবে প্রক্রিয়া চলছে।