শাহবাগের পদসেতুতে পদে পদে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে পূবালী ব্যাংক ও জাতীয় জাদুঘরের সংযোগে নবনির্মিত পদসেতুতে ওঠা মানেই পথচারীদের জন্য একটা দুর্ভোগ। পূবালী ব্যাংকের দিক থেকে জাদুঘরের প্রান্তে গিয়ে এই পদসেতু (ফুট ওভারব্রিজ) থেকে নামলে বের হওয়ার কোনো রাস্তা নেই। এ এক দুর্ভোগ! এতে পদসেতু পার হওয়া পথচারীকে ঘুরেফিরে সেই রাস্তা দিয়েই যেতে হচ্ছে। অথচ এই সেতু নির্মিত হয়েছে রাস্তা পারাপারে পথচারীদের দুর্ভোগ লাঘবে। জাদুঘরের পাশের ফুটপাত দিয়েও মানুষ চলাচল করতে পারছে না। এ দুর্ভোগের মূল কারণ হচ্ছে ফুটপাতের ওপর একটি ঘর। 

রাজধানীর শাহবাগে নবনির্মিত পদসেতু থেকে জাদুঘরের দিকে নামার রাস্তাটি বন্ধ। এ কারণে এই পদসেতু দিয়ে মানুষের যাতায়াত কম। ছবি: জাহিদুল করিম
রাজধানীর শাহবাগে নবনির্মিত পদসেতু থেকে জাদুঘরের দিকে নামার রাস্তাটি বন্ধ। এ কারণে এই পদসেতু দিয়ে মানুষের যাতায়াত কম। ছবি: জাহিদুল করিম


সরেজমিনে দেখা গেছে, শাহবাগে পূবালী ব্যাংক ও জাদুঘরের সংযোগস্থলে নির্মিত পদসেতু দিয়ে মানুষের যাতায়াত কম। যাঁরা অন্তত আগে একবার উঠেছেন, তাঁরা পারতপক্ষে এ পথ মাড়ান না। কারণ হচ্ছে, এই পদসেতু থেকে জাদুঘরের দিকে নামার রাস্তাটি বন্ধ। ফুটপাতের ওপর ওই অস্থায়ী ঘর থাকায় এই রাস্তা অনেক দিন ধরে বন্ধ। যাঁরা কাঁটাবন থেকে ফুটপাত দিয়ে জাদুঘর বা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে যেতে চান বা জাদুঘরের সামনের ফুটপাত দিয়ে কাঁটাবনের দিকে যেতে চান, তাঁরাও এখানে এসে আটকে যান। ঘরটি থাকায় দুদিক থেকে যাতায়াতের সমস্যায় পড়েন পথচারীরা। বাধ্য হয়ে তাঁদের অনেকটা পথ ঘুরে যেতে হয়।

শাহবাগে নবনির্মিত পদসেতু ব্যবহারে পথচারীদের দুর্ভোগের মূল কারণ ফুটপাতের ওপর একটি অস্থায়ী ঘর। ছবি: জাহিদুল করিম
শাহবাগে নবনির্মিত পদসেতু ব্যবহারে পথচারীদের দুর্ভোগের মূল কারণ ফুটপাতের ওপর একটি অস্থায়ী ঘর। ছবি: জাহিদুল করিম


পদসেতুর ওপর কিছুক্ষণ থেকে দেখা গেছে, যাঁরা জানেন না, তাঁরা এই ফুটপাতে নামতে গিয়ে রাস্তা বন্ধ দেখে কিছুটা ধাঁধায় পড়ে যান। কোন দিক দিয়ে বের হবেন, তাৎক্ষণিকভাবে তাঁরা বুঝতে পারেন না। এই পদসেতুর পূবালী ব্যাংকের পাশ দিয়ে ওঠেন মুন্সিগঞ্জ থেকে আসা আবদুল মোমিন। অসুস্থ এই ব্যক্তির সঙ্গে তাঁর দুই ছেলে ও স্ত্রীও ওঠেন। তাঁরা জাদুঘরের দিকে নেমে দেখেন আর বের হওয়ার রাস্তা নেই। এ অবস্থায় কী করবেন, তাঁরা বুঝতে পারছিলেন না। পরে আবার পদসেতুর পূবালী ব্যাংকের দিকে ফিরে যান তাঁরা। এভাবে অসুস্থ রোগী নিয়ে ঝুঁকি নিয়েই রাস্তা পার হয়ে জাদুঘরের সামনে গিয়ে ঢাকা মেডিকেলে যাওয়ার রিকশায় ওঠেন। দুর্ভোগ সম্পর্কে জানতে চাইলে আবদুল মোমিন জড়ানো কণ্ঠে বলেন, ‘ব্রিজ থিকা যদি নামার রাস্তা বন্ধই থাকে, এই ওভারব্রিজের দরকারটা কী? এমনে কইরা আমাগো হয়রানি করার কোনো মানে হয়?’
আরেক পথচারী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী মো. শাকিল বলেন, তিনি শাহবাগের এই ফুটপাত দিয়ে একবারই উঠেছিলেন। আর কখনো ওঠেননি। কারণ জানতে চাইলে বলেন, ‘পূবালী ব্যাংকের দিক থেকে উঠলাম—জাদুঘরের দিকে যাব বলে। কিন্তু উঠেই দেখি নামার রাস্তা বন্ধ। ফুটপাতের ওপর একটি ঘর থাকার কারণে ওভারব্রিজ থেকে নেমে আর বের হওয়ার কোনো পথ নেই। এরপর থেকে আর কখনো এটিতে উঠিনি।’ ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মানুষকে নিরাপদে পারাপারের জন্যই তো ফুটওভারব্রিজ। কিন্তু মানুষকে যদি এটি দিয়ে পার না হয়ে রাস্তা দিয়েই পার হতে হয়, তাহলে আর এটির দরকার কী? অবিলম্বে এই সমস্যা সমাধানের জন্য অস্থায়ী ঘরটি তুলে দিয়ে রাস্তা খুলে দেওয়ার দাবি জানান তিনি।

দুর্ভোগের কারণে শাহবাগে নবনির্মিত পদসেতু দিয়ে মানুষের যাতায়াত কম। ছবি: জাহিদুল করিম
দুর্ভোগের কারণে শাহবাগে নবনির্মিত পদসেতু দিয়ে মানুষের যাতায়াত কম। ছবি: জাহিদুল করিম

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত বছরের জুন মাসে এই পদসেতুর কাজ শুরু হয়েছে। তখন থেকে এর পাশে ফুটপাতের ওপর একটি অস্থায়ী টিনের ঘর তৈরি করা হয়েছে। এখানে শ্রমিকেরা থাকতেন। পদসেতুর নির্মাণসামগ্রী রাখা হতো। তিন-চার মাস ধরে পদসেতুর কাজ শেষ হলেও ঘরটি সেখানে রয়ে গেছে। দিনের বেলা এটি তালাবদ্ধ থাকে।
কাঁটাবন থেকে ফুটপাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন কাঁটাবনের বাসিন্দা দীপা রানী। তিনি জানান, এখানে ফুটপাতের ওপর একটি ঘর থাকার কারণে এই ফুটপাত দিয়ে সরাসরি জাদুঘরের সামনে দিয়ে যাওয়া যায় না। অনেকটা পথ ঘুরে রাস্তার ওপর দিয়ে চলতে হয়। ঘরটি না থাকলে এই সমস্যা আর হতো না।
মানুষের দুর্ভোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম এ হামিদ খান বলেন, ওই পদসেতুর কাজ শেষপর্যায়ে। ফুটপাতটি মানুষের যাতায়াতের জন্য শিগগিরই খুলে দেওয়া হবে।