শাহবাগের পাতাল পথ নয় মাসে নির্মাণ করা হবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার রাজধানীর শাহবাগ মোড়ে পাতাল পথের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আগামী নয় মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বিকেলে পাতাল পথের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাতাল পথটি নির্মাণ করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও জাতীয় জাদুঘরের মধ্যবর্তী সড়কে। ঢাকা সিটি করপোরেশন দক্ষিণ নিজস্ব অর্থায়নে ৫০ মিটার দীর্ঘ এই পথটি নির্মাণ করবে। ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।গত ২৮ আগস্ট শাহবাগ মোড়ে বাসের ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. তৌহিদুজ্জামানের মৃত্যুর হয়। পরে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শাহবাগে পাতালপথ বা ওভারব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।