শাহরুখ খানকে এনে উৎসব আয়োজনের প্রতিবাদে মানববন্ধন
অভিনেতা শাহরুখ খানকে ঢাকায় এনে উৎসব আয়োজনের নিন্দা জানিয়েছেন কয়েকটি সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা। গত সোমবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এই নিন্দা জানানো হয়।কর্মসূচিতে বক্তারা বলেন, বিজয়ের মাসে অপসংস্কৃতির এমন আগ্রাসন সত্যিই জাতির জন্য দুঃখজনক এবং কলঙ্কের। তাঁরা কুমার বিশ্বজিৎ এবং শাকিব খানকে ওই অনুষ্ঠানে অংশ না নেওয়ার অনুরোধ জানান। অপসংস্কৃতির বিরুদ্ধে এই প্রতিবাদ-প্রতিরোধ কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার করে বক্তারা আরও বলেন, কিং খানকে কেন্দ্র করে ১০০ কোটি টাকার বাণিজ্য হচ্ছে। অথচ দেশের কিংবদন্তি এক ডজন শিল্পী বিনা চিকিৎসায় ও অর্থাভাবে মৃত্যুর সঙ্গে লড়ছেন।কর্মসূচিতে অংশ নেন সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে কণ্ঠশিল্পী মাহমুদুজ্জামান বাবু, ভাস্কর রাশা, শিল্পী আসিফ আকবর, সোহেল মেহেদী, নাট্যকার মাসুদ হাসান, গীতিকার জাহিদ আকবর প্রমুখ। চারণ, বিবর্তন ও মৃত্তিকাসহ একাধিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা প্রতিবাদ সভায় অংশ নেন। বিজ্ঞপ্তি।