ফার্মেসি, মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে এ তিনটি বিভাগ চালু করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত বিভাগগুলোতে স্থায়ীভাবে কোনো শিক্ষক নিয়োগ দিতে পারেনি। এ অবস্থায়ই গতকাল সোমবার সবগুলো বিভাগের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের বজলুর রহমান মিলনায়তনে পরিচিতিমূলক ক্লাসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ। এ ছাড়া ২৮টি বিভাগের প্রতিটিতেই আলাদাভাবে পরিচিতিমূলক ক্লাস অনুষ্ঠিত হয়। তবে ক্লাস শুরুর আগে নতুন তিন বিভাগে স্থায়ী শিক্ষক না দেওয়ায় অনেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘প্রশাসনের উচিত ছিল ক্লাস শুরুর আগেই শিক্ষক নিয়োগ করা। এ কারণে স্বাভাবিকভাবেই আমরা ক্ষতিগ্রস্ত হব।’সূত্র জানায়, নতুন চালু হওয়া তিন বিভাগে অন্য বিভাগের তিন শিক্ষককে অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে ভর্তি কার্যক্রম চালানো হয়। সম্প্রতি উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক সাইফুল ইসলামকে ফার্মেসি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দ আলম চলে যাওয়ায় মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ এখন শিক্ষকশূন্য। গণিত বিভাগের চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন বিশ্বাস কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। প্রতিটি বিভাগে চারজন করে মোট ১২ জন শিক্ষক নিয়োগের বিষয়টি প্রায় চূড়ান্ত। আশা করছি এক মাসের মধ্যেই আমরা নতুন শিক্ষক নিয়োগ দিতে পারব।’