শিক্ষক নিপীড়নকারীদের কারাগারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষক হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার প্রত্যয়ে সমাবেশ কর্মসূচির আয়োজন করে আদি ঢাকা সাংস্কৃতিক জোট নামের একটি সংগঠন
ছবি: প্রথম আলো

শিক্ষক জাতির পথপ্রদর্শক। শিক্ষকদের প্রতি পরম্পরা শ্রদ্ধাবোধ রয়েছে। সমাজের এক-দুজনের জন্য এটি সব ছাত্রের অপরাধ নয়। যারা অপরাধী, তারা বড় হতে পারবে না। শিক্ষকদের সম্মান করতে জানলেই এগিয়ে যাওয়া সম্ভব।

আজ শুক্রবার রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকার শিক্ষক নিপীড়নের বিরুদ্ধে এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এ সময় এক কাতারে দাঁড়িয়ে শিক্ষক নিপীড়নকারীদের কারাগারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানানো হয়।

মানুষ গড়ার কারিগর শিক্ষক হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার প্রত্যয়ে সমাবেশ কর্মসূচির আয়োজন করে আদি ঢাকা সাংস্কৃতিক জোট নামের একটি সংগঠন। এর সভাপতি মানস বোসের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হানিফ খানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মাহফুজুর রহমান, সহসভাপতি নিয়াজ আহমেদসহ অন্য সদস্যরা। আরও উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি আলমগীর সিকদার, ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুজ্জামান।

সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, যাঁরা নির্যাতনের স্বীকার হচ্ছেন, সবাই সনাতন ধর্মাবলম্বী। দেশে সম্প্রতি নষ্ট করতে এই ষড়যন্ত্র চলছে। এসব নিয়ন্ত্রণ করে প্রশাসনে যারা ঘাপটি মেরে বসে আছেন, তাঁদেরও বিচার করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে দেশ অস্থিতিশীল করতে চাইছে একটি পক্ষ।

গোলাম কুদ্দুস আরও বলেন, ‘ধর্মের ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা বিস্মিত, বিচার চাই। প্রশ্ন আসে, আমাদের শিক্ষাব্যবস্থা ঠিক কি না। নতুন কিছু যুক্ত করতে হবে কি না। শুধু ভালো ফলাফল করলেই ভালো মানুষ হওয়া যাবে না। সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিতে হবে।’