শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় ৮ ছাত্রের স্থায়ী বহিষ্কারের দাবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত আট ছাত্রকে স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে শিক্ষকেরা বলেন, প্রায়ই ছাত্রদের হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে। কিন্তু কোনো ছাত্রকেই শাস্তি দেওয়া হয় না। অনেক সময় প্রশাসন কোনো ছাত্রকে সাময়িক বহিষ্কার করলেও সংশ্লিষ্ট বিভাগে বহিষ্কার আদেশের কপি পাঠায় না। এ ঘটনায় জড়িত ছাত্রদের ২৪ মের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাশ ও পরীক্ষা বর্জনসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম, সহসভাপতি এস এম আনোয়ারা বেগম, সধারণ সম্পাদক কাজী সাইফুদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদসহ প্রায় ২০০ শিক্ষক মানববন্ধনে অংশ নেন। ১ মে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তিন শিক্ষককে লাঞ্ছিত করেন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-নাট্য ও বিতর্ক সম্পাদক জহির উদ্দিনের পক্ষের কর্মীরা। এ ঘটনায় জড়িত থাকার দায়ে ৩ মে আট ছাত্রকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।শিক্ষার্থীদের বিক্ষোভ সামাবেশ: এদিকে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের কর্মীদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করা হয়।১৩ মে তুচ্ছ ঘটনায় সাধারণ শিক্ষর্থীদের ওপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা হামলা চালান। এ ঘটনায় নয়জন ছাত্রকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।