শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ৬ ছাত্রকে স্থায়ী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তিন শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ছয় ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত ছাত্ররা হলেন: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তরের ছাত্র আতাউল গণি ও দর্শন বিভাগের ভূপতি কুমার রায়, অর্থনীতি বিভাগের স্নাতকের (সম্মান) সঞ্জীব বসাক ও ছাহিদুল হক, বাংলা বিভাগের শাহাদাত হোসেন ও মো. নুরুদ্দীন।এ ছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় অর্থনীতি বিভাগের স্নাতকোত্তরের ছাত্র হিরম কুমার রায়ের স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল প্রকাশের দিন থেকে ছয় মাসের জন্য স্থগিত রাখা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকের ছাত্র জোবায়ের হুসাইনকে এক সেমিস্টারের (ছয় মাসের) জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।১ মে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তিন শিক্ষককে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ মে আট ছাত্রকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁদের স্থায়ী বহিষ্কারের কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করে আসছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।