নীল দলের একাংশ মনোনয়নপত্র জমা না দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত করেছেন নির্বাচন কমিশনার। কাল বৃহস্পতিবার ওই নির্বাচন হওয়ার কথা ছিল। এদিকে, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে না জানিয়েই নির্বাচন স্থগিত করার অভিযোগ আনা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার অরুণ কুমার গোস্বামীর বিরুদ্ধে।জানা যায়, চলতি বছরের ১৮ এপ্রিল প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নীল দল জয় লাভ করে। সভাপতি নির্বাচিত হন অধ্যাপক মো. সেলিম। এর কিছুদিন পর নীল দলের মধ্যে ফাটল ধরলে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান মো. আশরাফ-উল-আলমের নেতৃত্বে একটি অংশ আলাদা হয়ে যায়। তাঁরা পরবর্তী সময়ে ক্যাম্পাসে উপাচার্যপন্থী হিসেবে পরিচিত হন। গঠনতন্ত্র অনুযায়ী, শিক্ষক সমিতির কার্যনিবাহী পরিষদ পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে। এতে প্রধান নির্বাচন কমিশনার হন শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অরুণ কুমার গোস্বামী (তিনিও উপাচার্যপন্থী হিসেবে পরিচিত)। এই কমিশন কাল বৃহস্পতিবার নির্বাচনের দিন ঠিক করেছিল।এ বিষয়ে জানতে অরুণ কুমার গোস্বামীর সঙ্গে কয়েকবার চেষ্টা করেও এই প্রতিবেদক তাঁর দেখা পাননি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।