শিক্ষক সমিতির সব পদেই নীল দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের নীল দল ১৫ পদের সবগুলোতে জয় পেয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্লাবে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। বিকেলে নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের অধ্যাপক তোফায়েল আহমেদ চৌধুরী ফল ঘোষণা করেন।

নীল দল থেকে নির্বাচন করে নতুন সভাপতি হয়েছেন দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। সাধারণ সম্পাদক পদে আইন বিভাগের অধ্যাপক মো. রহমত উল্লাহ বিজয়ী হয়েছেন। মাকসুদ কামাল তিন বছর ধরে সাধারণ সম্পাদক ছিলেন। রহমত উল্লাহ গত কমিটির সদস্য ছিলেন।

কমিটির অন্যরা হলেন সহসভাপতি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিবলী রুবাইয়াতুল ইসলাম, যুগ্ম সম্পাদক টেলিভিশন ও চলচ্চিত্র বিভাগের এ জে এম শফিউল আলম ভুইয়া, কোষাধ্যক্ষ ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান মো. আবদুস ছামাদ, সদস্যপদে ফরিদ উদ্দিন আহমেদ, মো. আফতাব আলী শেখ, মো. নিজামুল হক ভূঁইয়া, মাহবুবা নাসরীন, লাফিফা জামাল, তাজিন আজিজ চৌধুরী, বিমান চন্দ্র বড়ুয়া, মো. ইমদাদুল হক, বায়তুল্লাহ কাদেরী ও এস এম আবদুর রহমান।

বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল গতবার একটি সদস্যপদে জয় পেলেও এবার সব পদেই তাদের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। এবার আওয়ামীপন্থী জোট থেকে বেরিয়ে বামপন্থী শিক্ষকদের গোলাপি দল প্রার্থী দিলেও কেউ জিততে পারেনি।