শিক্ষক সুব্রতর মৃত্যুরহস্যের জট খোলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক সুব্রত বৈদ্যের মৃত্যুরহস্যের জট খোলেনি। গত শুক্রবার দুপুরে মিরপুর মাজার রোডের মেথডিস্ট চার্চ নামে একটি গির্জা থেকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।সুব্রতের বোন সুবর্ণা গাইন দাবি করেন, সুব্রতের বান্ধবী নিপা ও তাঁর আত্মীয় প্রভু বারৈ মিলে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছে। সুব্রতের বুকে আঁচড়ের চিহ্ন ছিল। তিনি দাবি করেন, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে নিপা সুব্রতকে হত্যার পরিকল্পনা করেন। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলোকে বলেন, সুব্রতের মৃত্যুরহস্য উদ্ঘাটনের লক্ষ্যে তদন্ত চলছে। নিহতের পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ওসি বলেন, সুব্রত ছিলেন মেথডিস্ট চার্চের খণ্ডকালীন শিক্ষক। সেখানে সপ্তাহের প্রতি শুক্রবার তিনি শিশুদের ধর্মীয় শিক্ষা দিতেন। তিনি গির্জার পাশে তাঁর বোনের বাসায় থাকতেন। গত শুক্রবার দুপুরে শিক্ষার্থীরা চলে যাওয়ার পর সেখানে তিনি শরীর চর্চা করার সময় অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় নিপাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে ওসি জানান। ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে গত শনিবার রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মুসুরিয়া গ্রামে সুব্রতের মরদেহ সমাহিত করা হয়।