ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সিন্ডিকেট সদস্য মো. আখতারুজ্জামানকে নাস্তিক ঘোষণা করে তাঁর ফাঁসির দাবি জানানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও পেশাজীবী সমন্বয় পরিষদ। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে। গতকাল সোমবার পৃথক বিবৃতিতে এই দাবি জানায় সংগঠন দুটি।গত রোববার প্রেসক্লাবের সামনে এক সমাবেশে আখতারুজ্জামানকে নাস্তিক ঘোষণা করে ফাঁসির দাবি জানানো হয়। এদিকে বিভিন্ন জায়গা থেকে আখতারুজ্জামানকে হত্যার হুমকি দেওয়ায় গতকাল শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিবৃতিতে সংবাদে প্রকাশিত মন্তব্যকে অসত্য ও বিকৃত বলে দাবি করে আখতারুজ্জামানকে ফতোয়া দিয়ে নাস্তিক বানানোর প্রচেষ্টাকে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার ওপর একটি আঘাত বলে আখ্যায়িত করা হয়।