শিক্ষকদের বয়স বৃদ্ধির ভুয়া পরিপত্র দেখিয়ে প্রতারণার চেষ্টা
বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের অবসরে যাওয়ার বয়স এক বছর বাড়িয়ে ৬১ করা হয়েছে, এমন একটি ভুয়া পরিপত্র দেখিয়ে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র।বিশেষ করে, অবসরে যাওয়ার মুহূর্তে থাকা কিংবা সদ্য অবসরে যাওয়া শিক্ষকদের লক্ষ্যবস্তু করছে প্রতারকেরা।গতকাল মঙ্গলবার রাজশাহীর তানোরের একজন শিক্ষক কথিত ওই ‘পরিপত্রের’ কপি নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক সাধন কুমার বিশ্বাসের কাছে যান। তিনি জানতে চান, সত্যিই এ রকম কোনো সিদ্ধান্ত হয়েছে কি না। উপপরিচালক তাঁকে জানান, এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। পরিপত্রটি ভুয়া।পরিপত্র হিসেবে প্রচার করা ওই ভুয়া ঘোষণায় বলা হয়, বাংলাদেশ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী সমিতির নেতাদের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষক-কর্মচারীদের অবসরকালীন বয়স এক বছর বাড়িয়ে ৬১ করা হয়েছে এবং সব ধরনের পদে নিয়োগ স্থগিত করা হয়েছে। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত ও নির্দেশক্রমে ওই বিষয় অনুসরণ করার জন্য প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হচ্ছে।বিষয়টি জানালে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পরিপত্রটি একেবারেই ভুয়া, বেসরকারি শিক্ষকদের বয়স বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। আমরাও এ ধরনের কোনো পরিপত্র জারি করিনি। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকেই সতর্ক হওয়ার আহ্বান জানাই।’গত ১৭ জুলাই তারিখে দেওয়া ওই ‘পরিপত্রে’ শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার রকিবুর রহমান সই করেছেন বলে উল্লেখ করা হয়েছে। অথচ রকিবুর রহমান অনেক আগেই শিল্প মন্ত্রণালয়ে বদলি হয়েছেন। গত ফেব্রুয়ারিতেই তিনি পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হন। গত ৬ আগস্ট তাঁকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।