শিক্ষকসংকট নিরসনের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকসংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কলেজ অব লেদার টেকনোলজির শিক্ষার্থীরা। গতকাল সোমবার কলেজ ক্যাম্পাসে তাঁরা এ কর্মসূচি পালন করেন।কর্মসূচি থেকে শিক্ষার্থীরা সংকট নিরসনে কলেজটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে ঘোষণার দাবি জানান।কলেজটিতে প্রায় এক হাজার শিক্ষার্থীর বিপরীতে নিয়মিত শিক্ষক আছেন মাত্র পাঁচজন। অথচ সেখানে শিক্ষক দরকার ৮০ জন। চরম শিক্ষকসংকটের কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না, ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। দুই বছর নতুন শিক্ষার্থী ভর্তি করানো হয়নি। ছয় বছর ধরে এ সমস্যা চললেও নিয়োগবিধি চূড়ান্ত না হওয়ায় শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না। নিয়োগবিধিও চূড়ান্ত হচ্ছে না।এ অবস্থায় সংকট নিরসনের দাবিতে আন্দোলন শুরু করেছেন কলেজের শিক্ষার্থীরা। তাঁরা গতকাল সকালে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। একটি কার্টুনের মাধ্যমে তাঁরা নিজেদের অবস্থা তুলে ধরেন। যেখানে দেখা যায়, একটি অথই সাগরে হাবুডুবু খাচ্ছেন এক শিক্ষার্থী (কলেজ)। তাঁকে পেছন থেকে তাড়া করছে একটি হাঙর (কারিগরি শিক্ষা অধিদপ্তর)। অন্যদিকে ওই শিক্ষার্থীকে বাঁচাতে হাত বাড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের হাতটিও ছুঁতে পারছে না।কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, শিক্ষকসংকটের কারণে চামড়ার বিষয়ে দেশের একমাত্র বিশেষায়িত কলেজটি অচলাবস্থার মুখে পড়েছে। তাঁরা কিছু কিছু ক্লাস করছেন, কিন্তু কার্যত তেমন কিছু শিখতে পারছেন না। দীর্ঘদিন ধরে এ সমস্যা চলে আসছে। কিন্তু সমস্যা সমাধানে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না। তাঁরা দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান। শিক্ষার্থীরা বলেন, এখন সমস্যা সমাধানের একমাত্র উপায় কলেজটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদে রূপান্তর করা।