শিক্ষকসংকটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৩ হাজার শিক্ষার্থীর জন্য সরাসরি নিয়োগ পাওয়া শিক্ষক আছেন মাত্র ১৬৩ জন। শিক্ষকদের জন্য ৩৮০টি পদ থাকলেও শূন্য আছে ২১৭টি। বিশ্ববিদ্যালয়ে প্রেষণে থাকা বাকি ২১২ জন শিক্ষক অক্টোবরে একসঙ্গে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে চলে যাবেন। অন্যদিকে প্রেষণে থাকা কয়েকজন এবং বাইরে থেকে আসা শিক্ষকদের একাংশ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হতে হাইকোর্টে মামলা করার কারণে ঝুলে আছে নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া।জানতে চাইলে উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মামলাজনিত কারণে নিয়োগপ্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। তবে প্রেষণে থাকা শিক্ষকেরা আর থাকবেন না ধরে নিয়েই আমরা কাজ করছি। অক্টোবরের মধ্যেই নিয়োগপ্রক্রিয়া শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।’মেসবাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘এ মাসেই মামলার রায় হতে পারে। আশা করছি, রায় বিশ্ববিদ্যালয়ের পক্ষেই যাবে। এমনটা হলে শিক্ষকসংকটের মতো কোনো ঘটনা ঘটবে না।’জানা গেছে, গত ফেব্রুয়ারিতে বিভিন্ন বিভাগের শিক্ষকদের ৯৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি হয়। কিন্তু পাঁচ মাস পেরিয়ে গেলেও প্রশাসন নিয়োগপ্রক্রিয়া শেষ করতে পারেনি। এদিকে গত মে মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষকদের ১৩৫টি পদের অনুমোদন দেয়। কিন্তু দুই মাসেও নিয়োগপ্রক্রিয়া শুরু করতে পারেনি প্রশাসন।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক জানান, প্রশাসন যেভাবে ধীরগতিতে এগোচ্ছে, তাতে শিক্ষকসংকট অনিবার্য। এ অবস্থায় শিগগিরই পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে না পারলে ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবেন। শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে।উপ-রেজিস্ট্রার শেখ রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ৩২ জন শিক্ষকের নিয়োগ চূড়ান্ত হয়ে আছে। এ মাসেই তাঁরা যোগ দেবেন। তা ছাড়া সপ্তাহখানেকের মধ্যেই অন্য পদগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তিনি আরও জানান, নির্বাচক কমিটির সদস্যরা ব্যস্ত থাকায় সময়মতো শিক্ষক নিয়োগের কার্যক্রম শেষ করা যাচ্ছে না।জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সাবেক কলেজের ২৮০ জন শিক্ষককে প্রেষণে পাঁচ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া ১৮ জন শিক্ষক আদালতে মামলা করেন এবং আরও ২০ জন শিক্ষক দেশের বিভিন্ন কলেজ থেকে প্রেষণে আসেন। পরে বাইরে থাকা শিক্ষকদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ে যুক্ত হতে হাইকোর্টে আলাদা পাঁচটি মামলা করেন। মামলাগুলো বর্তমানে বিচারাধীন।প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, প্রেষণে থাকা শিক্ষকদের বেতন-ভাতা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়কে বহন করতে হয়। তাই কর্তৃপক্ষের পরিকল্পনা ছিল, পর্যায়ক্রমে প্রেষণে থাকা শিক্ষকদের বদলি করে নতুন নিয়োগ দেওয়া হবে। তবে প্রেষণে থাকা শিক্ষকদের মামলাগুলো বিচারাধীন থাকায় আইনের বাধ্যবাধকতার কারণে তাঁদের বদলি করা যায়নি।তবে প্রশাসনের দাবি, আসন্ন শিক্ষকসংকট নিরসনের বিষয়টি মাথায় রেখে চেষ্টা করছে কর্তৃপক্ষ। গত জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে শিক্ষা মন্ত্রণালয় ১৬ জন শিক্ষককে বদলির আদেশ দেয়। কিন্তু মামলা বিচারাধীন থাকায় শেষ পর্যন্ত তাঁদের বদলির আদেশ স্থগিত করতে বাধ্য হয় মন্ত্রণালয়।