শিক্ষানীতির বাস্তবায়নসহ শিক্ষার উন্নয়নে এ খাতে বরাদ্দ আরও বাড়াতে হবে। এ ক্ষেত্রে প্রস্তাবিত বাজেট পাসের আগেই বিভিন্ন খাত থেকে সমন্বয় করে শিক্ষা খাতের বাজেট বাড়ানো সম্ভব। জাতীয় প্রেসক্লাবে গতকাল রোববার শিক্ষা খাতের বাজেট নিয়ে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় শিক্ষানীতির আলোকে স্থায়ী শিক্ষা কমিশন গঠন, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো, প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীতকরণসহ বেশ কিছু দাবি জানানো হয়। বক্তারা বলেন, সরকার বেসরকারি প্রাথমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণের ঘোষণা দিলেও প্রস্তাবিত বাজেটে তা বলা নেই। নতুন এমপিওভুক্তির বিষয়েও স্পষ্ট কিছু নেই। শিক্ষকনেতা কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কাজী সালেহ আহমেদ, সাবেক শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. আখতারুজ্জামান প্রমুখ।পরে বিকেলে প্রধানমন্ত্রীর কাছে ই-মেইলে আবেদন পাঠিয়ে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধিসহ বিভিন্ন দাবি জানানো হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের কাছেও আবেদনের অনুলিপি পাঠানো হয়।