দেশের সব নাগরিকের জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করা গেলে অন্যান্য মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা সহজ হবে। শিক্ষার সঙ্গে অবশ্যই দেশপ্রেম ও নাগরিক সচেতনাতবোধকে সম্পৃক্ত করতে হবে।গতকাল বুধবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বসন্তকালীন সেমিস্টারের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস রামপুরার আফতাবনগরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আব্দুর রাজ্জাক বলেন, শিক্ষার সঙ্গে দেশপ্রেম যুক্ত না হলে তা দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনে না। তিনি মনে করেন, পাঠদানের সঙ্গে সঙ্গে উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণা পরিচালনার সুযোগ সৃষ্টি করতে না পারলে বিশ্ববিদ্যালয় হিসেবে একটি প্রতিষ্ঠান পূর্ণতা পায় না। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পাস হলেও এখন পর্যন্ত বেশ কিছু অপূর্ণতা রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্ব দেন। এ ছাড়া উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন করা জরুরি বলে তিনি মত প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুনিরউদ্দীন আহমেদ, লিবারেল আর্টস অনুষদের ডিন বিজয় পি বড়ুয়া, বিজনেস অনুষদের ডিন নজরুল ইসলাম, রেজিস্ট্রার শাহ মরতুজা আলী প্রমুখ। বসন্তকালীন সেমিস্টারে এ বিশ্ববিদ্যালয়ে ৯০০ ছাত্রছাত্রী ভর্তি হয়েছে।