শিক্ষা ব্যুরোর সাবেক প্রধানসহ আটজনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতার অপব্যবহার করে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে প্রায় সোয়া দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সাবেক প্রধান আনোয়ারুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গতকাল মঙ্গলবার দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নাল আবেদীন শিবলী ও উপসহকারী পরিচালক এ কে এম বজলুর রশীদ বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন। এতে বলা হয়, ৫৫টি চেকের মাধ্যমে আসামিরা বিভিন্ন উপায়ে মোট দুই কোটি ১৭ লাখ ২৩ হাজার ১২৩ টাকা আত্মসাত্ করেছেন।মামলার আসামিরা হলেন: স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সাবেক প্রধান (বর্তমানে অবসরপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম খান, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো মহাখালীর মিডিয়া ডেভেলপমেন্ট অফিসার ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার এবং প্রশাসন ও প্রশিক্ষণের (অতিরিক্ত দায়িত্ব) উপপ্রধান মো. আবু হনিফা, সহকারী প্রধান (কারিগরি ও সহায়তা) ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. শরিফুল ইসলাম, মো. মোখলেছুর রহমান, অফিস সহকারী ও হিসাবরক্ষক মো. রশিদুল ইসলাম এবং সংশ্লিষ্ট তিন ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আলিফ অ্যাডের স্বত্বাধিকারী মো. রিফাত সানজানী ইসলাম, বিএইচ ট্রেডার্সের মো. ইমন হাসান মালিক ও এমবি এন্টারপ্রাইজের মো. মনিরুজ্জামান।তিন মামলার এজাহারে বলা হয়, ২০১০-২০১১ অর্থবছরে আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ, ধূমপানের কুফল ও প্রসবকালীন বিপদের বিষয়ে জনসাধারণকে সতর্ক করার লক্ষ্যে সভা, জারিগান ইত্যাদির মাধ্যমে উদ্বুদ্ধকরণের নামে ভুয়া বিল-ভাউচার দেখিয়ে ওই টাকা আত্মসাত্ করেন।