শিক্ষা ভবনে চার দালাল আটক
শিক্ষা ভবন হিসেবে পরিচিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) গতকাল সোমবার দুপুরে ৫৭ হাজার টাকাসহ চার দালালকে আটক করা হয়েছে। তাঁরা হলেন: ঝালকাঠির দুলাল তালুকদার, নোয়াখালীর সোয়াইব আলম, সিরাজগঞ্জের ইসহাক আলী ও আবদুর রউফ।চারজনের মধ্যে আবদুর রউফ শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কর্মচারী। তাঁকে বিকেলে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়ে বাকি তিনজনকে পুলিশে দেওয়া হয়েছে।মাউশির কর্মকর্তারা বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী গ্রন্থাগারিকদের এমপিওভুক্তির কাজ শুরু হওয়ায় কয়েক দিন ধরে মাউশিতে একটি দালাল চক্র সক্রিয় হয়ে ওঠে। এই খবরে অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনের নির্দেশে কর্মকর্তারা নজরদারি শুরু করলে গতকাল এই চারজন দালাল ধরা পড়েন।মাউশির মহাপরিচাক ফাহিমা খাতুন সাংবাদিকদের বলেন, এমপিওভুক্তিসহ যেকোনো কাজে দালালদের কর্মকাণ্ড বা ঘুষ আদান-প্রদানকারীদের ছাড় দেওয়া হবে না। এদিকে সহকারী গ্রন্থাগারিকের এমপিওভুক্তির জন্য পাওয়া আবেদনগুলো যাচাই-বাছাইয়ের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে উপপরিচালক (কলেজ-২) মেজবাহ উদ্দিন সরকারকে।