রাজধানীর শিক্ষা ভবন নামে পরিচিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে একটি শহীদ মিনার, মহান মুক্তিযুদ্ধের ম্যুরালসংবলিত দুটি সুদৃশ্য ফটক ও মসজিদ নির্মাণ করা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বৃহস্পতিবার শিক্ষা ভবন চত্বরে এসব স্থাপনা উদ্বোধন করেন। শিক্ষামন্ত্রী বলেন, ভবন চত্বরের বাহ্যিক নবসাজের সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ সেবার কার্যক্রমে গুণগত পরিবর্তন আনতে হবে। তিনি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শিক্ষক-কর্মচারীদের ভোগান্তি-হয়রানি না করে বিধিমোতাবেক প্রাপ্য সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান। শিক্ষামন্ত্রী শিক্ষক-কর্মচারীদের সঙ্গে হাসিমুখে সুন্দর ব্যবহার করারও পরামর্শ দেন।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাংসদ তালুকদার মো. ইউনুস এমপি, অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) এস এম গোলাম ফারুক, ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবদুলাহিল আজাদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) আবুল কাসেম মিয়া প্রমুখ বক্তৃতা করেন।নবনির্মিত শহীদ মিনারের দুটি স্তম্ভের মাঝে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত দেশের মানচিত্র চিত্রিত হয়েছে। স্থপতি মাসুম বিল্লাহ এ শহীদ মিনারের নকশা প্রণয়ন করেছেন। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই আদলে শহীদ মিনার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা ভবনের দক্ষিণ ও উত্তরে আধুনিক স্থাপত্যশৈলীতে একই আদলে দুটি সুদৃশ্য ফটক নির্মাণ করা হয়েছে। ফটক দুটির সঙ্গে নির্মিত ম্যুরালের নাম দেওয়া হয়েছে ‘ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ ও শিক্ষা ব্যবস্থাপনা’। ঐতিহাসিক প্রেক্ষাপটের নিদর্শন হিসেবে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ফটোগ্রাফি ম্যুরালে ব্যবহার করা হয়েছে। এর নকশা প্রণয়ন করেছেন চারুকলাবিদ কাদের ভূঞা।এ ছাড়া পাঁচতলা ভিত্তির ওপর নির্মিতব্য মসজিদের দোতলা সম্পন্ন হয়েছে। এ মসজিদে ৩০০ মুসল্লি একযোগে নামাজ আদায় করতে পারবেন। এ মসজিদ নির্মাণের ফলে শিক্ষা ভবনের কর্মকর্তা-কর্মচারী ও দূর-দূরান্ত থেকে আগত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।