শিক্ষাক্রমে আগামী বছরেই পরিবর্তন আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বলেছেন বর্তমান শিক্ষাক্রম পুরোনো। তাই শিক্ষানীতির আলোকে আগামী বছরেই শিক্ষাক্রমে কিছু বিষয়ে পরিবর্তন আনা হচ্ছে। গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষাক্রম যুগোপযোগী করার লক্ষ্যে ‘শিক্ষাক্রমের রূপরেখা উন্নয়ন’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং মাধ্যমিক শিক্ষা খাত উন্নয়ন প্রকল্প এই কর্মশালার আয়োজন করে।শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শিক্ষাক্রম ১৯৯৬ সালে প্রণীত হয়েছিল। তার পর থেকে এ সময়ে দেশ-জাতি ও বিশ্ব পরিসরে জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি ও মানুষের জীবন যাত্রায় ঘটেছে বিশাল পরিবর্তন। চলমান পুরোনো সেই শিক্ষাক্রম আর যুগের চাহিদা পূরণ করতে পারছে না। তাই একে ঢেলে সাজানো এখন খুবই জরুরি। কর্মশালায় উপস্থাপিত প্রস্তাবিত শিক্ষাক্রমের রূপরেখায় বাংলাদেশ ও বৈশ্বিক শিক্ষা, তথ্য ও প্রযুক্তি বিষয় নতুন করে অন্তর্ভুক্ত করাসহ অন্যান্য বিষয়ের শিক্ষাক্রম পরিবর্তন করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বিষয়গুলোর মান বণ্টন, সাপ্তাহিক ক্লাসের সময়সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। দিনব্যাপী এ কর্মশালায় এসব প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পরে এটা চূড়ান্ত করা হবে। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. ছিদ্দিকুর রহমান শিক্ষাক্রমের খসড়া রূপরেখা উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক, এনসিটিবির চেয়ারম্যান মো. মোস্তফা কামালউদ্দিন, এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক মাহফুজা খানম, এসই এসডিপি প্রকল্পের পরিচালক রতন রায় প্রমুখ।কর্মশালায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবির কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, আগামী বছর থেকেই ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণীর শিক্ষাক্রমে বাংলাদেশ ও বৈশ্বিক শিক্ষা এবং তথ্য ও প্রযুক্তি বিষয় অন্তর্ভুক্ত করা হবে।