ক্ষমতায় থেকে যাঁরা এমপিওভুক্তি (বেতনের সরকারি অংশ) বন্ধ রেখে শিক্ষকদের বঞ্চিত করেছিলেন তাঁদের মুখে এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের প্রতিশ্রুতি বড়ই বেমানান। এর আগেও ক্ষমতায় যাওয়ার আগে তাঁরা শিক্ষকদের চাকরি জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় গিয়ে তাঁরা ওই প্রতিশ্রুতি পালন করেননি। জোট সরকারের বন্ধ রাখা এমপিওভুক্তিকরণ এ সরকারই চালু করছে।শিক্ষামন্ত্রী গতকাল মঙ্গলবার রাজধানীর নাজনীন উচ্চবিদ্যালয়ের ৪৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উল্লেখ্য, গত সোমবার বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় গেলে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের আশ্বাস দেন।এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষকসমাজকে সর্বোচ্চ শ্রদ্ধার আসনে বসানো এবং তাঁদের আর্থিক সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম মোর্তজার সভাপতিত্বে সাংসদ আসাদুজ্জামান খান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মিজানুল করিম প্রমুখ বক্তব্য দেন।