শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির আমেজ ক্লাস-পরীক্ষা হয়নি
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের মহাসমাবেশকে কেন্দ্র করে আতঙ্কজনক পরিস্থিতিতে গতকাল সোমবার রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছিল ছুটির আমেজ। ক্লাস-পরীক্ষা হয়নি।কোনো কোনো প্রতিষ্ঠান আগেই ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে। কিছু প্রতিষ্ঠান খোলা রাখলেও ক্লাস হয়নি। শিক্ষার্থীদের কেউ কেউ গেলেও পরে ফিরে আসে। তবে দু-একটি প্রতিষ্ঠান কম শিক্ষার্থী নিয়েই ক্লাস করিয়েছে।ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুআরা বেগম প্রথম আলোকে বলেন, বিদ্যালয় খোলা ছিল। তবে ক্লাস হয়নি। কারণ, ছাত্রীরা আসতে পারেনি। কয়েকজন এলেও আর ক্লাস নেওয়া হয়নি।তেজগাঁও বিজ্ঞান কলেজ সংযুক্ত সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনছান আলী বলেন, ‘আমরা শিক্ষকেরা এসেছিলাম। তবে শিক্ষার্থীরা আসতে পারেনি। এ জন্য ক্লাস হয়নি।’মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চবিদ্যালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রতিষ্ঠানে অঘোষিত ছুটি ছিল। ক্লাস হয়নি।মনিপুর স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক বলেন, অর্ধেকের মতো শিক্ষার্থী উপস্থিত ছিল। তাদের ক্লাস হয়েছে। এ ধরনের দিনে শিক্ষার্থীদের উপস্থিতি কমই থাকে।বিয়াম স্কুল অ্যান্ড কলেজ আগেই ছুটি ঘোষণা করেছিল।বিরোধী দলগুলোর মহাসমাবেশ উপলক্ষে রাজধানীজুড়ে ছিল উদ্বেগ-উৎকণ্ঠা। হরতাল না থাকলেও হরতালের চিত্র ছিল শহরজুড়ে। এ জন্য যানবাহনের সমস্যার পাশাপাশি মানুষের মধ্যে ছিল চরম আতঙ্ক। তাই অভিভাবকেরা সন্তানদের বিদ্যালয়ে পাঠাননি। শিক্ষকেরা বলেছেন, এক দিন ক্লাস না হওয়ার ক্ষতি তাঁরা পুষিয়ে দেবেন।