শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ চালু হচ্ছে জুনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুন থেকে দেশের ২০ হাজার ৫০০টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় তথ্যপ্রযুক্তিসমৃদ্ধ মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে ‘মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন ও প্রতিষ্ঠানপ্রধানদের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।সরকারের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরিচালক ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ, অতিরিক্ত শিক্ষাসচিব এস এম গোলাম ফারুক প্রমুখ।শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার গুণগত পরিবর্তনের লক্ষ্যে নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। তথ্য ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বইয়ের দুর্বোধ্য ও বিমূর্ত বিষয়গুলোকে ছবি, অ্যানিমেশন ও ভিডিও ক্লিপের সাহায্যে সহজ করে উপস্থাপন করা হবে। এতে লেখাপড়া হবে অধিকতর আনন্দদায়ক ও কার্যকর। তিনি আরও বলেন, পাবলিক পরীক্ষা, দৈনন্দিন কার্যক্রম, নিয়োগ, বদলিসহ বিভিন্ন দাপ্তরিক কাজে তথ্য ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। ক্রমান্বয়ে তা সর্বব্যাপী করা হবে।উল্লেখ্য, সারা দেশের ২০ হাজার ৫০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ স্থাপন ও শিক্ষকদের প্রশিক্ষণের লক্ষ্যে ৩০৬ কোটি টাকার ‘আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর শিক্ষার প্রচলন’ শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে সরকার।