শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শারীরিক শাস্তি বন্ধের আইন প্রয়োগের পাশাপাশি সবার মধ্যে সচেতনতাও সৃষ্টি করতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত এক সভায় বক্তারা এ কথা বলেন।‘শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য ক্ষেত্রে শারীরিক শাস্তি বন্ধে করণীয় ও খসড়া অ্যাকশন প্ল্যান প্রস্তুতকরণ’ শীর্ষক এ সভা সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় আয়োজন করা হয়। আলোচনায় বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিক বক্তব্য দেন।অনুষ্ঠানে ব্লাস্টের সমন্বয়কারী (কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি) মাহবুবা আক্তার বাংলাদেশের শিশুদের ওপর শারীরিক নির্যাতন নিয়ে ইউনিসেফের ২০০৯ সালের একটি প্রতিবেদনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, চার হাজার শিশুর মধ্যে জরিপটি করা হয়। এতে দেখা যায়, শতকরা ৯৯ ভাগ শিশু নিজ বাড়িতেই আক্রান্ত হয়েছে। আর শতকরা ৯১ ভাগ শিশু বিদ্যালয়ে আক্রান্ত হয়েছে। শতকরা ২৩ ভাগ প্রতিদিনই আক্রান্ত হয়েছে। আর শতকরা সাত ভাগ আহত হয়েছে, এমনকি রক্তপাতও ঘটেছে। শতকরা ৬০ ভাগ শিশু কর্মক্ষেত্রে আক্রান্ত হয়েছে। বরিশাল থেকে আসা খলিলুর রহমান নামের একজন আলোচক বলেন, শাস্তি বন্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে। ফেসবুকে সচেতনতামূলক কর্মকাণ্ড চালানো যেতে পারে বলে মন্তব্য করেন আরেকজন আলোচক। সভার সঞ্চালক সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা লুৎ ফুল কবীর বলেন, সামাজিক মূল্যবোধও বাড়াতে হবে।