শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশে শিক্ষার মান নিচু। শিক্ষাব্যবস্থায় এখনো সেই অর্থে আধুনিকতার ছোঁয়া লাগেনি। শিক্ষা মন্ত্রণালয়ের সব কাজকর্মের লক্ষ্য হচ্ছে যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার ব্যবস্থা করা।গতকাল সোমবার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বিশ্ব উচ্চরক্তচাপ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘সঠিক ওজন, স্বাভাবিক রক্তচাপ’।নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘দেশে আধুনিক, যুগোপযোগী ও মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই। জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীরা যেন নৈতিক মূল্যবোধ অর্জন করে, সেদিকে লক্ষ রাখা হবে।’অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেন, চিকিৎসকদের দুই বছর উপজেলা পর্যায়ে কাজ করতে হবে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক বলেন, উচ্চরক্তচাপ প্রতিরোধে পাঠ্যপুস্তকের মাধ্যমে শিশুদের সচেতন করা প্রয়োজন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি বিচারপতি চৌধুরী এ টি এম মাসুদ বলেন, উচ্চরক্তচাপের মতো রোগ প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে।