শিক্ষামন্ত্রীর কাছে শিশুরা জানাল শিক্ষার নানা সমস্যার কথা
মাধ্যমিকসহ (এসএসসি) বিভিন্ন পাবলিক পরীক্ষায় ফরম পূরণে বোর্ডের নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা আদায় করা হয়। বরগুনার এক শিশু এর প্রতিবাদ জানিয়েছিল। কারণ সে জানত এক অভিভাবক সুদের বিনিময়ে টাকা এনে সন্তানের মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ করেছে।শিশুটি বেশি টাকা নেওয়ার প্রতিবাদ জানিয়েছিল। এরপর কয়েকজন শিক্ষক শুরু করে হয়রানি। প্রতিবাদ করা শিশুটি কাঁদতে কাঁদতে বাসায় গিয়েছিল।গতকাল রোববার রাজধানীর এলজিইডি মিলনায়তনে শিশু সংগঠন চাইল্ড পার্লামেন্টের অষ্টম অধিবেশনে ওই শিশুটি বক্তব্য দিচ্ছিল। এই নিষ্ঠুর অভিজ্ঞতা তুলে ধরার সময় সে কেঁদে ফেলে। ওই শিশুর মতোই অধিবেশনে যোগ দেওয়া ৬৪টি জেলার শিশু প্রতিনিধিরা শিক্ষার বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে। শিক্ষকদের হাতে নির্যাতন, শ্রেণীকক্ষে পড়ানোর সময় মুঠোফোনে শিক্ষকদের কথা বলা, গৃহশিক্ষকদের কাছে পড়া, কোচিংয়ে অংশ নেওয়া, গাইড বই, ব্যবহারিক নম্বরের নামে প্রাইভেট পড়তে বাধ্য করাসহ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে তারা। সংসদের আদলে অনুষ্ঠিত ওই অনুষ্ঠান থেকে সমস্যার পাশাপাশি সেগুলো সমাধানেও বিভিন্ন সুপারিশ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে তুলে ধরা হয়। সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়ার সহযোগিতায় এ অনুষ্ঠান হয়। স্পিকার, ডেপুটি স্পিকার সেজে শিশুরা অনুষ্ঠান পরিচালনা করে।শিশুদের বক্তব্য শোনার পর শিক্ষামন্ত্রী সমস্যা সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে শিক্ষা ও সুশাসন বিষয়ে করা জরিপ প্রতিবেদনের আলোকে একটি কর্মপত্র মন্ত্রীর কাছে তুলে ধরা হয়। শিশুরা সংবিধানে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানালে মন্ত্রী বিষয়টি সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটির কাছে জানানোর আশ্বাস দেন।পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন ‘আমরাও অনেক সময় এ ধরনের অভিযোগ পেয়ে থাকি। এ জন্য বোর্ডগুলো যেন বোর্ডের ফি সবাইকে জানিয়ে দেয় এবং যারা অতিরিক্ত ফি নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সেই নির্দেশ দেওয়া হবে।ব্যবহারিক পরীক্ষায় নম্বরের জন্য প্রাইভেট পড়তে বাধ্য করার অভিযোগের বিষয়ে মন্ত্রী চিঠিতে অথবা ফোনে তার কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেন।