শিক্ষার্থীদের আত্মহত্যাবিরোধী শপথ
আত্মহত্যাবিরোধী শপথ নিয়েছেন শিক্ষার্থীরা। তাঁরা বলেছেন, করোনাকালে আর্থসামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন হওয়ায় মানুষের বিভিন্ন ধরনের নতুন সমস্যা তৈরি হয়েছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। সম্মিলিতভাবে কাজ করলে শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যা কমে আসবে।
শনিবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে আত্মহত্যাবিরোধী এক কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এসব কথা বলেন। বেসরকারি সংগঠন আঁচল ফাউন্ডেশন শপথ অনুষ্ঠানের আয়োজন করে। শপথের আগে এ বিষয়ে একটি শোভাযাত্রা করে সংগঠনটির সদস্যরা।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারম্যান শান্তা তাওহীদা। তিনি বলেন, শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি প্রত্যেক মানুষের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। মনের যত্ন নেওয়ার বিকল্প নেই। তরুণেরা আত্মহত্যা নিয়ে সচেতনতা কার্যক্রম চালালে সমাজে আত্মহত্যা কমানো যাবে।
আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ বলেন, শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার ধারাবাহিকভাবে বেড়েই চলেছে। করোনার প্রভাবের পাশাপাশি আর্থসামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন হওয়ায় মানুষের মধে৵ বিভিন্ন ধরনের নতুন সমস্যা তৈরি হয়েছে। এর ফলেই আত্মহত্যার সংখ্যায় এ পরিবর্তন হয়েছে। আত্মহত্যা রোধ করতে অন্যদের পাশাপাশি তরুণদেরও ভূমিকা পালন করতে হবে।
আঁচল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামিরা আক্তার বলেন, আঁচলের জরিপে উঠে এসেছে অনিশ্চয়তা, ক্যারিয়ারকেন্দ্রিক দুশ্চিন্তা, সম্পর্কগত কারণ, আর্থিক সমস্যা, পড়াশোনা, মাদক, পারিবারিক সমস্যাসহ আরও বেশ কিছু কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নিতে চায়। নিজেদের ও আশপাশের মানুষের মানসিক সুস্থতা নিশ্চিত করার দায়িত্ব সবার।
অনুষ্ঠানে ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এস আমানুল্লাহ উপস্থিত ছিলেন।