শিক্ষার্থীদের আন্দোলন থেকে সন্দেহভাজন যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডি এলাকায় আজ রোববার দুপুরে রাপা প্লাজার সামনে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করেছে পুলিশ। তাঁর নাম হাফিজুর রহমান।

পুলিশ বলছে, আন্দোলনরত শিক্ষার্থীদের খাবার খাওয়ানোর কথা জানিয়ে এক ছাত্রীর কাছে বিকাশ নম্বর চান ওই যুবক। এতে সন্দেহ হলে ঘটনাটি পুলিশকে জানানো হয়। পরে তাঁকে আটক করা হয়।

পুলিশের দাবি, আটক যুবকের দেহ তল্লাশি করে জাল টাকা, ঘুমের ওষুধ ও বিএনপির এক নেতার ভিজিটিং কার্ড পাওয়া গেছে।

পুলিশ সূত্র জানায়, আটকের পর ওই যুবক কোন স্কুল বা কলেজের শিক্ষার্থী, জানতে চাওয়া হয়। জবাবে প্রথমে বলেন তিনি একজন চিকিৎসক, থাকেন সাভারে।

শিক্ষার্থীদের আন্দোলনে কেন খাবার দিতে চাইছেন, ওই ছাত্রীকে আপনি চেনেন কি না?—জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।

পুলিশ ওই ব্যক্তিকে আটক করার পর শিক্ষার্থীরা জানান, গত শনিবারও আন্দোলনের সময় ওই যুবক তাঁদের পানি কিনে দিতে চেয়েছিলেন। তবে শিক্ষার্থীরা রাজি হননি। আটকের পর তাঁকে মোহাম্মদপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, আটক যুবকের উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতে চেষ্টা করছি। তাঁর পকেটে জাল টাকা ও ঘুমের ওষুধ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।