
প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বাইরে নিয়মবহির্ভূত বেশি বই পড়তে বাধ্য করছে স্কুলগুলো। শহর এলাকায়, বিশেষ করে নামকরা বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনে এমন ঘটনা বেশি হচ্ছে।
শিক্ষানীতির আলোকে শিক্ষার্থীর বয়স ও ধারণক্ষমতার কথা বিবেচনা করে কোন শ্রেণির জন্য কয়টি বই ও শিক্ষাক্রম কী হবে, তা ঠিক করে এনসিটিবি। শিক্ষাবিদ ও অভিভাবকেরা বলছেন, বাড়তি বই শিক্ষার্থীদের ওপর চাপ তৈরি করছে। তাদের মানসিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে। এটা অনৈতিক।
এনসিটিবির অনুমোদনহীন বইকে বেআইনি উল্লেখ করে সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিয়া ইনামুল হক সিদ্দিকী (রতন সিদ্দিকী) প্রথম আলোকে বলেন, ‘এসব বেআইনি বাড়তি বই বন্ধ করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) চিঠি দিয়েছি।’
প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে এনসিটিবি-নির্ধারিত তিনটি বই হলো বাংলা, ইংরেজি ও গণিত। এই তিনটির সঙ্গে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত রয়েছে আরও তিনটি বই। এগুলো হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষা।
রাজধানীর অন্তত ১০টি বেসরকারি বিদ্যালয় ঘুরে এবং অন্তত ২০ জন অভিভাবক ও শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে এনসিটিবির তালিকার বাইরে আরও দুই থেকে আটটি বাড়তি বই পড়তে হচ্ছে শিশুদের। এই তালিকায় বাংলা ও ইংরেজি ব্যাকরণ বই বেশি। এর বাইরে ধর্ম, সমাজ, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, অঙ্কন, হাতের লেখা শেখা বই রয়েছে। পঞ্চম শ্রেণিতে সমাপনী পরীক্ষা থাকায় বাড়তি বই তুলনামূলক কম।
এনসিটিবির করা জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী, দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত আলাদা কোনো ব্যাকরণ বই থাকার কথা নয়। কিন্তু স্কুলগুলো তা মানছে না। বাড়তি বই আবার বেশি দামে স্কুল কিংবা পছন্দের দোকান থেকে কিনতে বাধ্য করা হচ্ছে।
জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন খালিদ প্রথম আলোকে বলেন, এনসিটিবির বাইরে বাধ্যতামূলকভাবে বাড়তি বই পড়ানোর কোনো সুযোগ নেই। এ বিষয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উদয়ন স্কুলের তৃতীয় শ্রেণির একজন শিক্ষার্থীর সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। সে বলে, বাড়তি বই হিসেবে অ্যাডভান্স উইথ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, নিউ অক্সফোর্ড মডার্ন ইংলিশ, ইকোর্স-এ কোর্স ইন লিসেনিং অ্যান্ড স্পিকিং এবং চিরন্তন বাংলা ব্যাকরণ পড়তে হয়। স্কুল থেকে দেওয়া বাড়ির কাজ (হোমওয়ার্ক) সারতে তার বেশ কষ্ট হয়। খেলাধুলা করা কিংবা টেলিভিশন দেখার তেমন সময় পায় না।
কয়েকজন অভিভাবক বলেন, শুধু বেশি বই পড়া নয়, এ বিষয়ে পরীক্ষাও দিতে হচ্ছে শিক্ষার্থীদের। উপরন্তু শ্রেণিকক্ষে ভালোভাবে না শেখায় শিক্ষার্থীদের কোচিং বা গৃহশিক্ষকেরও আশ্রয় নিতে হচ্ছে। এতে তাদের ওপর চাপ আরও বাড়ছে।
ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, রংপুর, সিলেট, বগুড়াসহ প্রায় প্রতিটি বড় শহরের নামকরা স্কুলে শিক্ষার্থীদের এনসিটিবির বাইরে বাধ্যতামূলক বাড়তি বই পড়তে হচ্ছে। বর্তমানে মাউশির অধীন ঢাকায় স্কুল আছে ৪৯১টি। এর মধ্যে বেসরকারি স্কুল ৪৫৬টি। আর সরকারি প্রাথমিক বিদ্যালয় চার শতাধিক। এর বাইরে কিন্ডারগার্টেনের সংখ্যার হিসাব সরকারের কাছে নেই। তবে এই সংখ্যাটি কয়েক হাজার। মাউশির দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তার হিসাবে, ঢাকার এসব বিদ্যালয়ে শিক্ষার্থী কয়েক লাখ। তবে ‘গরিবের স্কুল’ বলে পরিচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা শুধু এনসিটিবির বই পড়ছে। ফলে পড়াশোনায় শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যও তৈরি হচ্ছে।
এনসিটিবির একাধিক কর্মকর্তার অভিযোগ, নির্দিষ্ট প্রকাশক ও দোকানের সঙ্গে যোগসাজশ করে এসব বাড়তি বইয়ের তালিকা শিক্ষার্থীদের দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষকেরা আর্থিক সুবিধা পান। মাধ্যমিক স্তরেও সহায়ক বইয়ের নামে এমন ঘটনা রয়েছে।
রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর মা প্রথম আলোকে বলেন, স্কুল থেকে ১ হাজার ১৫০ টাকা দিয়ে বাড়তি বই কিনতে হয়েছে। কিন্তু এসব বই পড়া তাঁর মেয়ের জন্য বেশ কষ্টকর। তৃতীয় শ্রেণির ব্যাকরণ বই দেওয়া হয়েছে দ্বিতীয় শ্রেণিতে।
অবশ্য বাড়তি বইয়ের কোনো প্রয়োজন নেই বলে ব্যক্তিগতভাবে মনে করেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, অভিভাবকেরাই অন্য বিদ্যালয়ের সঙ্গে তুলনা করে বেশি পড়ানোর কথা বলেন। ফলে কিছু বাড়তি বই পড়ানো হয়।
চারটি বাড়তি বইয়ের মধ্যে তিনটিই ব্রিটিশ কাউন্সিল থেকে কিনতে হচ্ছে বলে অভিযোগ করেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির একজন শিক্ষার্থীর অভিভাবক। তিনি প্রথম আলোকে বলেন, এসব বইয়ের দাম ব্রিটিশ কাউন্সিল রাখছে ১ হাজার ২০০ টাকা।
এ বিষয়ে জানতে উদয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ উম্মে সালমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এনসিটিবির শিক্ষাক্রম অনুসরণ করে যে বই দেওয়া হয়, তা শিক্ষার্থীদের জন্য যথেষ্ট বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধূরী। তিনি প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা জানার জন্য কিছু বাড়তি বই পড়তে পারে। কিন্তু এখানে শিশুদের উপযোগী নয় এমন বই দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিশুদের ওপর চাপ বাড়ছে। স্কুলগুলোতেও ব্যবসার পথ খুলছে।