‘শিক্ষার্থীরাই শুধু লকডাউন বাস্তবায়ন করছে’
করোনা সংক্রমণের মধ্যে খেলা চলছে স্টেডিয়ামে, বাস চলছে রাস্তায়। দেশে সবকিছু চলছে, শুধু শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বন্ধ। শুধু শিক্ষার্থীরাই ঘরে বসে লকডাউন বাস্তবায়ন করছে। এভাবে চলতে পারে না। দ্রুত স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষাব্যবস্থাকে স্বাভাবিক করতে হবে।
আজ শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে এক মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এই দাবি জানান। ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীদের ভাষ্য, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ শুনতে শুনতে তাঁরা বিরক্ত। সরকারের নির্দিষ্ট কোনো পরিকল্পনাই নেই ক্যাম্পাস খোলার বিষয়ে। শিক্ষাব্যবস্থাকে গুরুত্বই দেওয়া হচ্ছে না। শিক্ষার্থীরা ক্যাম্পাস খোলার নির্দিষ্ট তারিখ শুনতে চায়।
শিক্ষার্থীরা বলেন, করোনা সংকটের কারণে দীর্ঘ ১৪ মাস ক্যাম্পাস বন্ধ। এতে স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা পড়াশোনার বাইরে। প্রায় দুই বছরের সেশনজটে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। চাইলেই শিক্ষার্থীরা অন্য কোনো কাজে যুক্ত হতে পারেন না। পড়াশোনা বন্ধ থাকায় অনেকেই হতাশায় ভুগছেন।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব বলেন, ‘রাস্তাঘাট, বাজার, দোকান, গার্মেন্টসে নিয়ে আমাদের ক্লাস নেওয়ার হোক। সেখানে তো করোনা নেই। শুধু বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস।’
গণিত বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাহিন বলেন, সরকার অনলাইনে পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়েছে। যেখানে অনলাইন ক্লাসেই শিক্ষার্থীরা অংশ নিতে পারছে না, সেখানে পরীক্ষা দেওয়া কীভাবে সম্ভব। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা কোনোভাবেই এতে অংশ নিতে পারবে না।