শিক্ষাসনদের অবয়ব পরিবর্তনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল শিক্ষাসনদের অবয়ব পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। সনদে বিশ্ববিদ্যালয়ের লোগোর জলছাপ ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে সনদের জন্য ব্যবহূত বিশেষ ধরনের কাগজ (পার্চমেন্ট পেপার) সুরক্ষিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দেশ ও দেশের বাইরে সনদের নকল ঠেকাতে সম্প্রতি এসব সুপারিশসংবলিত প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে দেওয়া হয়েছে। এক বিদেশিনীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনদ নকল করার ঘটনার পরিপ্রেক্ষিতে সহ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইনকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছিল। নকল ঠেকাতে কমিটির সুপারিশগুলোর মধ্যে রয়েছে সনদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোসহ জলছাপ ব্যবহার, সনদে উপাচার্যের সই-এর সিলের পরিবর্তে মূল সই ব্যবহার, সনদের কাজে ব্যবহূত কাগজ সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, দায়িত্বশীল ব্যক্তিকে এ কাজে নিযুক্ত করা ইত্যাদি। জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসনদের জন্য বর্তমানে পার্চমেন্ট পেপার ব্যবহার করা হয়। ছাগলের চামড়া থেকে তৈরি হয় বলে কাগজটিতে ছাগলের জলছাপ থাকে। কাগজটি অত্যন্ত মূল্যবান হলেও জলছাপ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। তাঁরা বলছেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা শেষে পাওয়া সনদে ছাগলের জলছাপ শিক্ষার্থীদের হেয় করার শামিল।রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, সনদের জন্য যুক্তরাজ্য থেকে পার্চমেন্ট পেপার আনা হয়। মাপমতো কাগজ কাটা শেষে ছাপার জন্য তা পাঠানো হয় বিশ্ববিদ্যালয়ের মুদ্রণালয়ে। পরবর্তী সময়ে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের চাহিদা অনুসারে সেখান থেকে কাগজ আনা হয়। প্রতিটি পদক্ষেপেই কাগজের হিসাব লিখিত আকারে রাখা হয়। শিক্ষার্থীকে সনদ দেওয়ার আগে তাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সইয়ের সিল ও পরীক্ষা নিয়ন্ত্রকের সই দেওয়া হয়। শিক্ষাসনদের অবয়ব পরিবর্তনের বিষয়টি আলোচনায় আসে কেনেথ রেবরু নামে এক নাইজেরীয় নাগরিকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনদ নকলের ঘটনাকে কেন্দ্র করে। ওই নারী ২০১১ সালে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের স্নাতক শ্রেণীর মূল সনদ জমা দেন। প্রতিষ্ঠানটি সনদ যাচাইয়ের জন্য ‘ওয়েন্স অনলাইন’ নামের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়। ওই প্রতিষ্ঠান ফার্মেসি অনুষদের সঙ্গে যোগাযোগ করলে সনদটি নকল বলে ধরা পড়ে। সনদ অনুযায়ী, কেনেথ রেবরু ১৯৮৫ সালে ফার্মেসি অনুষদ থেকে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি নিয়েছেন। সনদে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ ও পরীক্ষা নিয়ন্ত্রকের সই রয়েছে। ওই নারী কবি জসীমউদ্দীন হলের ছাত্রী বলে উল্লেখ করা হয়েছে। যদিও বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল হলে আবাসিকত্ব পান। ফার্মেসি অনুষদের ডিন আ ব ম ফারুক প্রথম আলোকে বলেন, পার্চমেন্ট পেপারে লেখা সনদটিতে উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রকের সইয়ে গরমিল নেই। তবে প্রথম দেখায় যে ভ্রান্তিটা চোখে পড়ে তা হলো একজন নারীকে পুরুষদের হলের আবাসিকত্ব দেওয়ার বিষয়টি। তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের ধারণা সনদ নকলের পেছনে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় এবং স্টোরের দায়িত্বে থাকা কিছু কর্মকর্তা-কর্মচারী জড়িত। আবার পার্চমেন্ট পেপারটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্য প্রতিষ্ঠান নিজেদের ব্যবহারের জন্য নিয়ে আসতে পারে। সেখান থেকে কাগজ নিয়েও সনদ নকল হতে পারে।তাঁরা বলেন, সনদে সিলের পরিবর্তে উপাচার্য যদি নিজ হাতে সই করেন তাহলে নকলের সম্ভাবনা কমে আসবে। উপাচার্যের ওপর চাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকায়, স্নাতক পর্যায়ের সনদে সহ-উপাচার্যের (শিক্ষা) সই এবং স্নাতকোত্তর পর্যায়ের সনদে উপাচার্যের সইয়ের ব্যবস্থা করা যেতে পারে। এ ছাড়া কাগজ সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।সহ-উপাচার্য সহিদ আকতার হুসাইন বলেন, নকল ঠেকাতে বিভিন্ন সুপারিশ এসেছে কমিটির সদস্যদের কাছ থেকে। বিষয়টি সিন্ডিকেটে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।