শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে ১৩ মার্কিন শিক্ষার্থীর উপস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন শিক্ষার্থী ক্রিস্টি সমারস বাংলাদেশের প্রাথমিক শিক্ষার চিত্র দেখতে গিয়েছিলেন নীলফামারি জেলায়। সেখানে তিনি দেখতে পান, গ্রামাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শ্রেণীকক্ষ ও শিক্ষার পরিবেশসহ বিভিন্ন বিষয়ে সমস্যা রয়েছে। প্রাথমিক শিক্ষা মানসম্মত নয় বলেও মনে হয়েছে তাঁর কাছে।আরেক মার্কিন শিক্ষার্থী এলিজাবেথ হ্যারমান পাঠ্যপুস্তকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে কাজ করেছেন। তিনি দেখতে পান, বিভিন্ন সময়ে পাঠ্যক্রম সংশোধনের সময় ইতিহাসও সংশোধন করা হয়েছে। এ নিয়ে রাজনীতি হয়েছে বলেও মনে করেন তিনি।ক্রিস্টি ও এলিজাবেথের মতো মার্কিন সরকারের ফুলব্রাইট বৃত্তি নিয়ে বাংলাদেশে আসা ১৩ শিক্ষার্থী (ফেলো) গতকাল সোমবার জড়ো হয়েছিলেন রাজধানীর আমেরিকান সেন্টারে। এ সময় তাঁরা গবেষণাপত্র এবং ইংরেজি বিষয়ের শিখন ও শিক্ষার অভিজ্ঞতার চিত্র তুলে ধরেন। এসব গবেষণায় বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে বিদ্যমান চিত্র তুলে ধরা হয়। মার্কিন শিক্ষার্থীরা এসব খাতের উন্নয়নে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন।আমেরিকান সেন্টারের কর্মকর্তারা জানান, মার্কিন সরকারের ফুলব্রাইট বৃত্তি নিয়ে প্রতিবছর বাংলাদেশে কিছু শিক্ষার্থী আসেন। এবার আসা ১৩ শিক্ষার্থী গবেষণা ও টিচিং সহকারী হিসেবে কাজ করছেন। নয় মাসের জন্য তাঁরা বাংলাদেশে এসেছেন। গতকাল ছিল চূড়ান্ত উপস্থাপনা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস।ভিকারুননিসা নূন স্কুল ও কলেজে ইংরেজি বিষয়ে টিচিং সহকারী হিসেবে কাজ করছেন ললে রুথ। তিনি জানান, পাবলিক পরীক্ষার (জুনিয়র স্কুল সার্টিফিকেট ও মাধ্যমিক পরীক্ষা) উদ্দেশ্য নিয়েই শ্রেণীকক্ষে পড়ানো হয়। রচনা ও অনুচ্ছেদ লেখার ক্ষেত্রে শিক্ষার্থীরা পুরোনো শিক্ষার্থীদের কপি বা গৃহশিক্ষকদের শেখানো বিষয় অনুসরণ করে। সঠিক ইংরেজির মাধ্যমেও শিক্ষা দেওয়া হয় না বলে মনে করেন তিনি।কিথ অ্যাডওয়ার্ড ক্যানটু ও ম্যাথিউ বলবান ‘মিস্টিক্যাল মিউজিক ও ক্রিটিক্যাল পেডাগজি (শিক্ষণ পদ্ধতি)’ বিষয়ে যৌথ গবেষণাপত্র উপস্থাপন করেন। এ সময় বলবান মেঝেতে গামছা বিছিয়ে বাংলা ভাষায় একটি লালনসংগীত গেয়ে শোনান। এ সময় একাডেমিক সেশনটি ভিন্নমাত্রা পায়। সবাই করতালি দিয়ে তাঁকে উৎসাহ দেন।এ ছাড়া তারফিয়া ফয়জুল্লাহ একজন বীরাঙ্গনার সাক্ষাৎকার নিয়ে এর ভিত্তিতে কবিতায় মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা তুলে ধরেন।অলিন্দা হাসান রাজউক উত্তরা মডেল কলেজে শিখন ও শিক্ষার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, ওই স্কুলে শিক্ষার পরিবেশ তাঁর কাছে ভালো মনে হয়েছে। জেরেমি ওয়েন্ডটে ‘বাংলাদেশের সৌরবিদ্যুৎ’, হলি ব্যাটেল ‘সৌরপ্রযুক্তির জন্য ক্ষুদ্র অর্থায়ন’, শাহীনা হায়দার ‘পোশাককর্মী ও অর্থনৈতিক স্বাধীনতা’, স্লোয়ান কুলপার ‘উদ্ভাবন’, বেঞ্জামিন গ্রোসগাল ‘ঘরবাড়ি, দুর্যোগ ও পুনর্নির্মাণ’ এবং জন রিংঘিসেন ‘স্বাস্থ্য’ বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন।