সব ধরনের সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষাখাতে বরাদ্দের পরিমাণ বাড়াতে হবে। দক্ষিণ এশীয় শিক্ষামন্ত্রীদের সম্মেলনে ঢাকা ঘোষণায় শিক্ষা খাতে দেশের মোট জাতীয় আয়ের ছয় শতাংশ বরাদ্দের যে অঙ্গীকার করা হয়েছে তা কার্যকর করা জরুরি।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ে ‘আমার অধিকার ক্যাম্পেইন’ আয়োজিত জাতীয় সেমিনারে বক্তারা এ কথা বলেন।এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খান বলেন, আগামী দুই বা তিন বছরের মধ্যে শিক্ষা খাতে ছয় শতাংশ বরাদ্দ দেওয়া সম্ভব হবে না। তবে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই বলেও মনে করেন তিনি।সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আপসের কোনো সুযোগ নেই।অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ আগামী অর্থবছরে শিক্ষানীতি বাস্তবায়নসহ শিক্ষাখাতের বরাদ্দ ২০ থেকে ২২ হাজার কোটি টাকা হওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন।আমার অধিকার ক্যাম্পেইনের জাতীয় ব্যবস্থাপক শামীম ইফতেখার বলেন, ঝরে পড়ার হার কমাতে না পারলে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা—এমডিজি অর্জন সম্ভব হবে না। সেমিনারে সভাপতিত্ব করেন ক্যাম্পেইনের আহ্বায়ক রোকেয়া কবীর। এ সময় শিক্ষক নেতা কাজী ফারুক আহমেদ, আমার অধিকার ক্যাম্পেইনের স্টিয়ারিং কমিটির সদস্য আবদুল আউয়াল প্রমুখ বক্তব্য রাখেন।