শিক্ষায় বাজেটের ২৫ ভাগ বরাদ্দের দাবি ছাত্রফ্রন্টের
জাতীয় বাজেটের শতকরা ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। গতকাল এটিসহ ৫ দফা দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্রসংগঠনটি। এর আগে ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে। ছাত্রফ্রন্টের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, উচ্চমাধ্যমিক ভর্তিসংকট নিরসনের জন্য আসন সংখ্যা বৃদ্ধি, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর স্বতন্ত্র পরীক্ষা হল নির্মাণ ও পর্যাপ্তসংখ্যক শিক্ষক নিয়োগে বিশেষ বরাদ্দ দিতে হবে। স্মারকলিপি দেওয়ার আগে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফখরুদ্দিন কবির আতিক, সাধারণ সম্পাদক জনার্দন দত্ত নান্টু ও সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তমাল বক্তৃতা করেন। সমাবেশ শেষে শুরু হয় বিক্ষোভ মিছিল। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি সচিবালয়ের দিকে এগোতে থাকে। এ সময় শিক্ষা ভবনের সামনে পুলিশ মিছিলকারীদের বাধা দেয়।