শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে। এর তিন সপ্তাহ পর তাদের বিচার শুরু হবে। এ নিয়ে কারও সংশয় থাকার যৌক্তিকতা নেই। বিচারকাজ শুরু হলে আইনজীবী বাড়ানো হবে।গতকাল শনিবার বিকেলে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবীরের ‘যুদ্ধাপরাধের বিচার: অতীতের অভিজ্ঞতা এবং বর্তমান চ্যালেঞ্জ’ বইটির প্রকাশনা অনুষ্ঠানে আইনমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, মানবতাবিরোধী অপরাধের বিচারে অকারণ বিলম্ব হচ্ছে। এর প্রেক্ষিতে আইনমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, তথ্য-উপাত্তের যাতে কোনো ঘাটতি না থাকে, সে জন্য চেষ্টা করা হচ্ছে। পার্শ্ববর্তী দেশসহ নানা দেশের মহাফেজখানা থেকে তথ্য সংগ্রহের কাজ চলছে। বিচার পর্যবেক্ষণ করার জন্য যেকোনো দেশ যেকোনো সংখ্যক পর্যবেক্ষক পাঠাতে পারে। বিচারের স্বচ্ছতার জন্য আদালতের বাইরে প্রয়োজনে বড় পর্দা দেওয়া হবে।নারী উন্নয়ন নীতির খসড়ার বিষয়ে আইনমন্ত্রী বলেন, এই খসড়ায় নারীদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজনৈতিক কারণে এটার বিরোধিতা করা হচ্ছে। আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন বইয়ের লেখক শাহরিয়ার কবীর। তিনি বলেন, একাত্তরের নয় মাসে বাংলাদেশে সংঘটিত গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধ স্মরণকালের ইতিহাসে তুলনাহীন। এই অপরাধগুলোকে বলা হয় আন্তর্জাতিক অপরাধ। অপরাধীদের বিচারের প্রক্রিয়া ধীরগতির বলে অভিযোগ উঠেছে। সরকারকে দ্রুত এ কাজ শেষ করতে হবে।আলোচক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘জাহানারা ইমাম যে মশাল জ্বালিয়ে দিয়েছিলেন, আমরা তা বহন করে চলছি। মানবতাবিরোধী অপরাধীদের বিচার শেষ করে একাত্তরের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাব।’হাইকোর্টের সাবেক বিচারপতি সৈয়দ আমীরুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার করতে ট্রাইব্যুনাল গঠনে এক বছর সময় লেগেছে। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে এখনো অভিযোগপত্র দাখিল করা হয়নি। তার মানে, তদন্ত প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বিচারপতি গোলাম রাব্বানী আলোচনা শেষে সবাইকে ধন্যবাদ দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান আইনজীবী গোলাম আরিফ, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের সভাপতি অজয় রায়, নির্মূল কমিটির আইন সম্পাদক তুরিন আফরোজ প্রমুখ আলোচনা সভায় বক্তব্য দেন।