অস্ত্র উদ্ধারের জন্য রাজধানীতে কয়েক দিনের মধ্যে একটি বড় ধরনের অভিযান চালাবে পুলিশ। রাজধানীর ৪১টি থানায় একযোগে এ অভিযান পরিচালিত হবে। ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক গতকাল রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীতে বড় ধরনের মাদক বিরোধী অভিযানও চালানো হবে। গতকাল মে মাসের অপরাধ পরিস্থিতি নিয়ে বৈঠক করেন কমিশনার। বৈঠকের পরে তিনি সংবাদ সম্মেলনে রাজধানীর অপরাধ পরিস্থিতির বিভিন্ন চিত্র তুলে ধরেন। অপরাধ পর্যালোচনা সভায় মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তারা ছাড়াও সব অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কমিশনার বলেন, আগের মাসের চেয়ে গত মে মাসে অপরাধ কম হয়েছে। গত বছরের মে মাসের তুলনাতেও অপরাধ কম হয়েছে বলে তিনি জানান। কমিশনার বলেন, রাজধানীতে গত মে মাসে ছয়টি ডাকাতি হয়েছে, দস্যুতা হয়েছে ১৮টি। এ ছাড়া এক মাসে ২৫টি খুনের ঘটনা ঘটেছে। এর আগের মাসে খুনের সংখ্যা ছিল ২৫টি। কমিশনার বলেন, রাজধানীতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার কমে গেছে। গত মাসে মাত্র একজন গুলিতে খুন হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে খুন হয়েছে ছয়জন, অজ্ঞাত ব্যক্তির হাতে খুন হয়েছে নয়জন, সম্পত্তি নিয়ে ঝগড়ার জের ধরে একজন, শ্বাসরোধ করে একজন, গণপিটুনিতে একজন, গৃহকর্মী একজন ও অন্যান্য ঘটনায় আরও দুজন খুন হয়েছে। কমিশনার বলেন, মহানগরে দ্রুত বিচার আইনে ২৫টি মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ১১১টি। মে মাসে পাঁচটি অপহরণ, একটি চাঁদাবাজি ও ১১টি পুলিশ আক্রান্তের ঘটনা ঘটেছে। কমিশনার বলেন, গত মাসে ৫১টি গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ৩৬টি গাড়ি উদ্ধার করা হয়। এ সময় মলম পার্টির কোনো ঘটনা ঘটেনি। তবে বিভিন্ন ঘটনায় পাঁচজন অজ্ঞান হয়েছে।কমিশনার বলেন, রাজধানীতে জনসংখ্যা হিসেবে প্রতি এক লাখে ১৫ দশমিক ৮টি অপরাধ হচ্ছে। রাজধানীর জনসংখ্যা এক কোটি ৩৫ লাখ ধরে এ হিসাব করা হয়েছে বলে তিনি জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ কোনো বাড়াবাড়ি করে থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।