শিগগিরই আলোর মুখ দেখছে বঙ্গবন্ধু ও রাসেলের ভাস্কর্য
বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে স্থাপনের জন্য ১০ বছর আগে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের দুটি ভাস্কর্য শিগগিরই আলোর মুখ দেখতে যাচ্ছে। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যেই ভাস্কর্য দুটি যথাযথ স্থানে স্থাপন করা সম্ভব হবে বলে জানিয়ে দিয়েছেন। জাতির জনক ও তাঁর শিশুপুত্র রাসেল সম্পর্কে শিশুদের জানানোর উদ্দেশ্যেই এই ভাস্কর্য তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সরকার পরিবর্তনের কারণে ভাস্কর্য দুটি এত দিন বাক্সবন্দী ছিল। শিশু একাডেমী ও অন্যান্য সূত্রে এসব কথা জানা গেছে।সূত্র জানায়, শিল্পী শ্যামল চৌধুরী ২০০১ সালের অক্টোবরে ভাস্কর্য দুটি খণ্ডিত অবস্থায় একাডেমীর কাছে জমা দেন। কিন্তু পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের কারণে ভাস্কর্য দুটি আলোর মুখ দেখেনি। ভাস্কর্যের খণ্ডাংশগুলো ঝালাইয়ের মাধ্যমে জোড়া দেওয়ার জন্য প্লাস্টার অব প্যারিসের যে ফর্মা বা ডাইস ওই সময় তৈরি করা হয়েছিল, তা মেয়াদোত্তীর্ণ হয়ে নষ্ট হয়ে গেছে। বর্তমানে নতুন ডাইস করে তৈরি করেছেন শ্যামল চৌধুরী।শ্যামল চৌধুরী প্রথম আলোকে জানান, একাডেমীর কার্যাদেশের পরিপ্রেক্ষিতে ২০০১ সালের এপ্রিলে তিনি ভাস্কর্য তৈরির কাজ শুরু করেন। সে সময় একাডেমীর মৌখিক নির্দেশে শিল্পী খণ্ডিত অবস্থায় ভাস্কর্য দুটি একাডেমীর কাছে জমা দেন। ডাইসের মধ্যে রেখে ঝালাই করা শুধু বাকি ছিল। কিন্তু সরকার পরিবর্তনের ফলে ভাস্কর্য দুটি স্থাপনে একাডেমী কর্তৃপক্ষ কোনো উৎসাহ দেখায়নি।শ্যামল চৌধুরী বলেন, ‘নতুনভাবে কাজটি শেষ করতে আরও প্রায় সাত লাখ টাকা লেগেছে। তবে এ কাজের জন্য শিল্পী হিসেবে আমাকে পারিশ্রমিক দেওয়া হয়নি। কাজটি গুরুত্বপূর্ণ হওয়ায় শেষ করেছি নিজ উদ্যোগেই। এখন শুধু আনুষ্ঠানিকভাবে স্থাপন করা বাকি।’জানা গেছে, বাংলাদেশ শিশু একাডেমীর কার্যক্রম শক্তিশালীকরণ ও বর্ধিতকরণ প্রকল্পে এ ভাস্কর্যের জন্য ব্যয় বরাদ্দ অনুমোদন দেওয়া হয় ২০০০ সালে। দুটি ভাস্কর্যের জন্য বরাদ্দ ছিল ১৪ লাখ টাকা। একাডেমী প্রাঙ্গণে ভাস্কর্য দুটি স্থাপনের স্থান নির্বাচনও করা হয় একই বছর। ভাস্কর্য নির্মাণের জন্য শিল্পী শ্যামল চৌধুরীকে কার্যাদেশ দেওয়া হয় ২০০১ সালের এপ্রিলে। এটি হস্তান্তরের তারিখ ছিল ২০০১ সালের জুনে।মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ভাস্কর্য দুটি স্থাপন নিয়ে অনেক সময় নষ্ট হয়েছে। আশা করা যাচ্ছে, ডিসেম্বরের মধ্যেই এ দুটি যথাযথ স্থানে স্থাপন করা সম্ভব হবে। শিশু একাডেমীর পরিচালক ফাল্গুনী হামিদ প্রথম আলোকে বলেন, ভাস্কর্য দুটি ঠিক কোন জায়গায় স্থাপন করা হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। তবে কাজটি শিগগিরই করা হবে।